বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পুরনো ঘটনা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে, যা শুনে রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁদের অনুরাগীরা। সিদ্ধার্থের দেহরক্ষী সম্প্রতি এক সাক্ষাৎকারে এক ঘটনার বিবরণ দিয়েছেন, যেখানে সিদ্ধার্থের চোখেমুখে স্পষ্ট ভয়ের ছাপ দেখেছিলেন তিনি।

ঘটনাটি ঘটেছিল একটি জনবহুল এলাকায়, যেখানে সিদ্ধার্থ এবং অন্তঃসত্ত্বা কিয়ারাকে ঘিরে ধরেন একদল উৎসাহী জনতা। ভিড় সামলানোর জন্য দেহরক্ষীরা আপ্রাণ চেষ্টা করলেও হঠাতই এক অনুরাগী সমস্ত নিরাপত্তা বেষ্টনী ভেঙে কিয়ারার দিকে ধেয়ে আসেন। সেই ব্যক্তির উদ্দেশ্য ছিল কিয়ারাকে আলিঙ্গন করা। সেই মুহূর্তে কিয়ারার শারীরিক অবস্থার কথা ভেবেই সিদ্ধার্থ প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন।

সিদ্ধার্থের দেহরক্ষী জিসান কুরেশির কথায়, "সেদিন ভিড়ের মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করেই কিয়ারাম্যামের খুব কাছে চলে আসে। তিনি বুঝতে পারছিলেন না কী করবেন। সিদ্ধার্থস্যারের চোখে আমি স্পষ্ট আতঙ্ক দেখেছিলাম। সাধারণত তিনি খুব শান্ত থাকেন, কিন্তু সেদিন কিয়ারার নিরাপত্তার কথা ভেবে তিনি খুব চিন্তিত হয়ে পড়েছিলেন।" 

যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং কিয়ারাকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যান, কিন্তু এই ঘটনা সিদ্ধার্থকে মানসিকভাবে বেশ নাড়িয়ে দিয়েছিল।

দেহরক্ষী ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “একটা শুটের পর তখন কিয়ারা যখন ভ্যানিটি ভ্যান থেকে নামছিলেন তখন এক ব্যক্তি সেখানে চলে আসে। কিয়ারা এবং ইশা (আম্বানি) যেহেতু ভাল বন্ধু, তাই মাঝে মাঝে রিলায়েন্সের টিমের লোকেরাও সেখানে থাকে। সেই টিমেরই একজন যখন কিয়ারার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তার সঙ্গে আমার প্রচণ্ড কথা কাটাকাটি হয়। লোকটি স্যুট পরা ছিল, তাই আমি ভেবেছিলাম সে বোধহয় মার্জিত কোনও ব্যক্তি হবে।”

তিনি আরও জানান যে, পরিস্থিতি শান্ত করতে শেষ পর্যন্ত তাঁকে আকাশ আম্বানির ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করতে হয়েছিল। তিনি বুঝিয়ে বলেন যে, এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে; অনেক সময় কর্পোরেট জগতের দোহাই দিয়ে লোকজন ভিতরে ঢোকার চেষ্টা করে এবং বাধা দিলে উল্টো প্রশ্ন তোলে। ব্যারিকেড দেওয়া বা গোপনীয়তা বজায় রাখার সব রকম ব্যবস্থা থাকা সত্ত্বেও ওই ব্যক্তি বারবার কিয়ারার কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। আর ঠিক সেই কারণেই দেহরক্ষীকে কঠোর পদক্ষেপ নিতে হয় এবং বিষয়টি ওপর মহল পর্যন্ত নিয়ে যেতে হয়।

প্রসঙ্গত, গত বছর সিদ্ধার্থ-কিয়ারার কোলজুড়ে আসে ছোট্ট ফুটফুটে এক কন্যা সন্তান। তারকা দম্পতি আদর করে মেয়ের নাম রেখেছেন সারায়হ। একরত্তির নাম প্রকাশ করলেও এখনও পর্যন্ত ছবি সামনে আনেননি তাঁরা। ক্যামেরার আড়ালেই মেয়েকে বড় করতে চান সিদ্ধার্থ-কিয়ারা।