এতদিন সাধারণত সিনেমা, সিরিজ বড়পর্দা, টেলিভিশন বা ওয়েব মাধ্যমে মুক্তি পেয়ে এসেছে। তবে এবার শ্যামৌপ্তি মুদলি, ঐশ্বর্য সেন, ঐন্দ্রিলা বসু অভিনীত আসন্ন সিরিজে 'ফেয়ারি খেল' এগুলোর একটিতেও মুক্তি পাচ্ছে না। তাহলে কোথায়? ইনস্টাগ্রামে। 

বর্তমান যুগ আদতেই যেন ডিজিটাল যুগ। আর এখন নতুন নতুন ফরম্যাটে গল্প বলার প্রবণতা ক্রমশ বাড়ছে। সেই ধারাকেই আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত নতুন ভার্টিক্যাল ড্রামা সিরিজ ‘ফেয়ারি খেল’। সোল সেনসেস প্রোডাকশনের এই সিরিজটি পরিচালনা করেছেন দীপঙ্কর দে। সিরিজে অভিনয় করেছেন শ্যামৌপ্তি মুদলি, ঐন্দ্রিলা বসু ও ঐশ্বর্য সেন। সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋষভ চক্রবর্তী ও সৌভিক বন্দ্যোপাধ্যায়।

এই সিরিজ প্রসঙ্গে আজকাল ডট ইনকে শ্যামৌপ্তি মুদলি বলেন, "এটি ভার্টিকেল সিরিজ। ইনস্টাগ্রামের জন্য। প্রতিটি এপিসোড এক একজনকে নিয়ে। যার যে এপিসোড সে সেটা কোল্যাব করে করে পোস্ট করবে। যেমনটা রিলের ক্ষেত্রে হয়। শুধু এক্ষেত্রে আলাদা হল, আমরা প্রপার প্রোডাকশন ডিজাইন করে শুটটা করেছি। ফেয়ারি খেল কারণ এটা একটা ম্যাজিকাল গল্প। এটা দেখে দর্শকরা মজা পাবেন, বিনোদন পাবেন। ইমোশনালি জুড়তে পারবেন গল্পটার সঙ্গে।" তিনি আরও বলেন, "এটা ভীষণ মনের কাছের একটা কাজ, কারণ আমরা তিনজনই বহুদিনের বন্ধু। অনেকদিন ধরেই ভাবছিলাম এক সঙ্গে কিছু করব। এই প্রজেক্টের মাধ্যমে অভিনয়ের বাইরে গিয়েও নিজেদের এক্সপ্লোর করার সুযোগ পেয়েছি, কস্টিউম ডিজাইন, সেট, এডিট—সব কিছুতেই আমরা নিজেদের মতো করে কাজ করেছি। আমি আমার চরিত্র নিয়ে খুবই এক্সাইটেড, কারণ এবার আমাকে একেবারেই অন্যরকমভাবে দেখা যাবে।" 

অন্যদিকে 'ফেয়ারি খেল' প্রসঙ্গে ঐন্দ্রিলা বসু বলেন, "ফেয়ারি খেল নামটার মধ্যেই একটা ম্যাজিক আছে। গল্পে পাঁচজন চরিত্র যারা ঘটনাচক্রে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে। তাদের জীবনে এমন কিছু পরিবর্তন আসে, যার ফলে অনেক অমীমাংসিত বিষয়ের সমাধান হয়ে যায়—এই নিয়েই আমাদের গল্প। ঝগড়া, ভালবাসা, খুনসুটি, বিচ্ছেদ—সব কিছুর সঙ্গে অল্প ম্যাজিক মিশিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।” ঐশ্বর্যর কথায়, "ফেয়ারি খেল আমার কাছে দারুণ একটা অভিজ্ঞতা। বন্ধুদের সঙ্গে কাজ করলে একটা আলাদা পজিটিভিটি থাকে, আর এই প্রজেক্টে সেটা পুরোপুরি ছিল। প্রথমে একটু দ্বিধা ছিল, কিন্তু ঐন্দ্রিলার ভাবনা ও সাহস আমাদের সেই দ্বিধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। গল্পটা শোনার পর থেকেই আমার মনে হয়েছিল এই কাজটা করতেই হবে। অনেক বাধা পেরিয়ে আমরা কাজটা শেষ করেছি, এবার বাকিটা দর্শকদের হাতে।”

বন্ধুত্ব, সম্পর্ক, আবেগ এবং এক চিমটি ম্যাজিক, সব মিলিয়ে ‘ফেয়ারি খেল’ দর্শকদের জন্য নিয়ে আসছে এক নতুন অভিজ্ঞতা। নির্মাতাদের আশা, এই ভার্টিক্যাল ড্রামা সিরিজটি দর্শকদের মন ছুঁয়ে যাবে এবং ডিজিটাল কনটেন্টে এক নতুন দিশা দেখাবে।