মুম্বইয়ের বিলাসবহুল রেস্তোরাঁগুলির মধ্যে 'বাস্তিয়ান' অন্যতম৷ শিল্পা শেট্টির এই রেস্তোরাঁ তারকাদের পছন্দের জায়গা৷ বলিউড তারকাদের যাতায়াত লেগেই থাকে৷ এবার মুম্বইয়ের সমুদ্রতটে বিশাল এলাকাজুড়ে শিল্পা তৈরি করেছেন বিচ ক্লাব৷ তবে শিল্পা একা নন, বাস্তিয়ান এর এই বিচ ক্লাবে শিল্পার সঙ্গে যৌথ মালিকানা রয়েছে রঞ্জিত বিন্দ্রারও৷
নতুন এই বিচ ক্লাব এককথায় বিলাসিতার অন্যতম ঠিকানা৷ হরেক রকম খাবার আর সেই সঙ্গে দিন রাত কাটানোর সুব্যবস্থা৷
তবে শুধু খাবার আর থাকার ব্যবস্থাই নয়, অবসরযাপনকে আরও আকর্ষণীয় করে তুলতে আছে সুইমিং পুল৷ সারি সারি নারকেল গাছ দিয়ে ঘেরা এই সুইমিং পুল৷ পুলের ধারে একান্ত সময় কাটানোর জন্য রয়েছে রঙিন চেয়ার টেবিল।
নিরামিষ থেকে আমিষ সবরকম খাবারই পাওয়া যাবে৷ সমুদ্র দেখতে দেখতে পছন্দের গান শুনতে পারেন৷ অতিথিদের ইউরোপীয় ঘরানায় একটি অভিজাত 'বিচ ক্লাব' উপহার দেওয়াই লক্ষ্য৷

এই বিচ ক্লাবের নকশা তৈরি করেছেন মিনাল চোপড়া৷ উপকূল সংলগ্ন এলাকায় অন্দরসজ্জা থেকে বিনোদনের আয়োজন সবকিছুই নজরকাড়া৷
খাবারের মেনুতে এশিয়ান থেকে লাতিন সব ধরনের খাবার আছে৷ 'ভেজ ড্রাই কর্ন উইথ গ্রিন অ্যাপল' নামের পদটি এখানের বিশেষ আকর্ষণ৷ ব্রকোলি, কারি পাতা, লঙ্কা দিয়ে তৈরি হয় একটি পদ৷ সূত্রের খবর, সিফুড যাঁরা ভালবাসেন, তাদের জন্যও রয়েছে বিশেষ সুযোগ৷
এশিয়ান খাবারের মধ্যে আছে সুশি, ডাম্পলিং। নারকেলের দুধ দিয়ে তৈরি হয় বিশেষ কিছু খাবার৷ বিলাসবহুল এই বিচে একদিন কাটানোর জন্য জন প্রতি খরচ হয় ৫ হাজার টাকা৷
