শেহনাজ গিল এবং দেবদত্ত পাডিক্কালকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় প্রেমের গুঞ্জন এখন তুঙ্গে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) দলের প্রতি অভিনেত্রীর টান এবং গ্যালারিতে তাঁর ঘনঘন উপস্থিতি এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
সম্প্রতি, শেহনাজ সোশ্যাল মিডিয়ায় একটি মজার ভিডিও ভাগ করেন যার ক্যাপশনে তিনি লেখেন, 'দিল আরসিবি মে হ্যায়' (মন পড়ে আছে আরসিবি-তে)। তাঁর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। এর মধ্যেই শেহনাজের সঙ্গে ক্রিকেটার দেবদত্ত পাডিক্কালের যোগসূত্র খুঁজে পেতে শুরু করেন। খেলা চলাকালীন গ্যালারিতে বসে শেহনাজের উল্লাস দেখে নেটিজেনদের অনেকেই মনে করছেন, এটি স্রেফ ক্রিকেটপ্রেম নয়, বরং এর পিছনে অন্য কোনও বিশেষ কারণ রয়েছে। দলের জয়ের পর আরসিবি-র জার্সি গায়ে শেহনাজের সাম্প্রতিক ছবিগুলো এই গুঞ্জনকে আরও জোরালো করে তুলেছে।
যদিও শেহনাজ বা দেবদত্ত এখনও পর্যন্ত কেউই এই বিষয়ে মুখ খোলেননি। তা সত্ত্বেও অনুরাগীরা তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে দুইয়ে দুইয়ে চার করেছেন। এমনকী বিরাট কোহলি-অনুষ্কা শর্মা বা কেএল রাহুল-আথিয়া শেঠির মতো জনপ্রিয় জুটির সঙ্গেও তাঁদের তুলনা করা হচ্ছে।
প্রসঙ্গত, প্রেমিক সিদ্ধার্থ শুক্লা মারা যাওয়ার পর বিরতি নিয়েছিলেন শেহনাজ। পরবর্তীতে নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। পেশাগত জীবনে অবশ্য শেহনাজ বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তিনি ‘ইক কুড়ি’ নামক একটি পাঞ্জাবি ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এছাড়া আগামী ২৪ জুলাই, মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি ‘ইশকনামা’ পাশাপাশি তাঁর হাতে রয়েছে ‘সিং ভার্সেস কৌর ২’ এবং ‘সব ফার্স্ট ক্লাস’-এর মতো বেশ কিছু ছবি।















