বিয়ে, ব্যক্তিগত সম্পর্ক এবং মাতৃত্ব, এই সামাজিক গণ্ডিগুলো নিয়ে এবার সোজাসাপ্টা মন্তব্য করে নেটিজেনদের আলোচনায় এলেন অভিনেত্রী শেফালি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মন্তব্য করলেন শেফালি।
সামাজিক চাপে পড়ে বা হুজুগে জীবনসঙ্গী নির্বাচনের ঘোর বিরোধী শেফালি। অল্প বয়সে বিয়ের পিঁড়িতে না বসার কথা বলেন। শেফালির কথায়, “ঈশ্বরের দোহাই, যখন তোমরা নিজেরাই বাচ্চা তখন একদম বিয়ে করো না। তোমরা তো তখন নিজের শরীরকেই ঠিক করে চেনো না। তাই শান্ত হও। জীবনের চূড়ান্ত সিদ্ধান্তটি নেওয়ার আগে মানুষের সঙ্গে মেশা এবং তাদের চেনা খুব জরুরি।”
অভিনেত্রীর মতে, বিয়ে কোনও ঠুনকো বিষয় নয়, বরং এটা টিকিয়ে রাখতে প্রচুর ধৈর্যের প্রয়োজন। তিনি আরও বলেন, “আমি বারবার একটা কথাই বলি, তোমরা যদি বিয়েতে বিশ্বাস করো, আর না করো, এটা সামলানো অনেক পরিশ্রমের কাজ।মাঝপথে পিছিয়ে আসাটা ঠিক নয়। এই বোধটুকু তৈরি হওয়ার মতো বয়স পর্যন্ত অপেক্ষা করো।”
এরপর অভিনেত্রী আরও বলেন, "এই কথা বলার জন্য আমাকে হয়তো প্রচুর কটাক্ষ শুনতে হবে। তবে সন্তান নিও না, তার চেয়ে কুকুর পোষো।”
শেফালির মতে, মানুষের জীবনে একমাত্র পোষ্য প্রাণীরাই ‘নিঃস্বার্থ ভালবাসা’ দিতে জানে, যা অনেক সময় রক্তমাংসের সম্পর্কের ঊর্ধ্বে চলে যায়। নিজেকে না চিনে বড় কোনও দায়বদ্ধতা না নেওয়ার যে পরামর্শ শেফালি দিয়েছেন, তা ইতিমধ্যেই সমাজমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই নির্ভীক মানসিকতাকে সাধুবাদ জানালেও, প্রথাগত ধারণার বাইরে গিয়ে দেওয়া তাঁর এই পরামর্শ ঘিরে বেশ বিতর্ক শুরু হয়েছে।
















