ফের জুটিতে বেদং-শর্বরী?
বক্স অফিসে ঝড় তোলার পর পরিচালক ইমতিয়াজ আলির ছবি ‘ম্যায় ওয়াপস আউঙ্গা’ সমালোচক ও দর্শক—উভয়ের কাছ থেকেই দারুণ প্রশংসা কুড়িয়েছে। গত ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেছেন নাসিরুদ্দিন শাহ, দিলজিৎ দোসাঞ্জ, শর্বরী এবং বেদং রায়নার মতো তারকারা। ছবিটির আবেগঘন গল্প এবং বিশেষ করে শর্বরী ও বেদং রায়নার অনবদ্য অন-স্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মনে গভীর দাগ কেটেছিল। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ভক্তদের জন্য এল এক দারুণ সুখবর!
শর্বরী ও বেদং রায়নার জুটিকে রূপোলি পর্দায় ফের একবার দেখার জন্য অনুরাগীদের বেশিদিন অপেক্ষা করতে হবে না। জানা গেছে, খুব শীঘ্রই এই জুটি আবারও একসঙ্গে কাজ করতে চলেছেন ইমতিয়াজ আলির পরবর্তী নির্দেশনায়। পরিচালক তাঁর পরবর্তী প্রজেক্ট হিসেবে একটি ফ্রেশ রোমান্টিক ড্রামা বেছে নিয়েছেন, যেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে এই চর্চিত জুটিকে।নির্মাতারা আর বেশি দেরি না করে চলতি বছরের নভেম্বর মাস থেকেই ছবির শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
তুম্বড় ২’ -এ নেই কেন আনন্দ ?
২০১৮ সালে মুক্তির সময় সেভাবে ভালোবাসা না পেলেও সময়ের সঙ্গে সঙ্গে কাল্ট ক্লাসিকের তকমা পেয়েছিল হরর-থ্রিলার ছবি ‘তুম্বড়’ (Tumbbad)। আর গত বছর পুনরায় মুক্তির পর বক্স অফিসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করে এই ছবি। এই আকাশছোঁয়া সাফল্যের পরেই অভিনেতা-প্রযোজক সোহম শাহ ঘোষণা করেন ছবির প্রিক্যুয়েল বা সিক্যুয়েল অর্থাৎ ‘তুম্বড় ২’ -এর কথা। যেখানে আলিয়া ভাট এবং নওয়াজুদ্দিন সিদ্দিকির মতো তারকারা যুক্ত হয়েছেন। কিন্তু এত বড় একটি প্রজেক্টে প্রথম পার্টের প্রযোজক আনন্দ এল রাইয়ের নাম কেন ক্রেডিট লিস্ট বা তালিকায় নেই, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছিল গুঞ্জন। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে মুখ খুলেছেন প্রখ্যাত নির্মাতা ও প্রযোজক আনন্দ এল রাই। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে সৃজনশীল স্বাধীনতা এবং ব্যক্তিগত চিন্তাভাবনার ফারাকের কারণেই তিনি এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। আনন্দ এল রাই বলেন, “কোনও বিশেষ কারণে নয়, এটা মূলত ক্রিয়েটিভ বা সৃজনশীল কারণেই হয়েছে। যখন আপনি কিছু তৈরি করছেন, তখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্বাধীনতার প্রয়োজন হয়। ‘তুম্বড়’ একটি দুর্দান্ত ছবি সন্দেহ নেই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল যে ওই গল্পটি ঠিক যতটা সুন্দরভাবে পরিণতি পেয়েছিল, আমি তার থেকে আর একটুও এগিয়ে নিয়ে যেতে চাইছিলাম না।”
'মাকড়সা'-য় ভয় পঙ্কজের!
বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ওহ মাই ডগ’ (Ohh My Dog)-এর মুক্তি নিয়ে বড়সড় আপডেট সামনে এল। পূর্বের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ জুলাই প্রেক্ষাগৃহে আসার কথা ছিল ছবিটির। তবে শেষ মুহূর্তে এসে মুক্তির তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ৭ আগস্ট বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবির।
মিডিয়া রিপোর্ট সূত্রে খবর, বক্স অফিসে আসন্ন হলিউড ব্লকবাস্টার ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ (Spider-Man: Brand New Day)-এর সঙ্গে সরাসরি সংঘাত বা ক্ল্যাশ এড়াতেই নির্মাতারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বক্স অফিসে ছবির ব্যবসার কথা মাথায় রেখেই মুক্তির উইকহেন্ড পরিবর্তন করা হয়েছে বলে মনে করছে বাণিজ্য মহল। তবে ছবির নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পেছানোর নেপথ্যের কারণ নিয়ে কোনো আনুষ্ঠানিক বা অফিসিয়াল ঘোষণা করা হয়নি। পঙ্কজ ত্রিপাঠী অভিনীত এই ছবি ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা এমনিতেই তুঙ্গে, এখন দেখার আগস্টের প্রথম সপ্তাহে বক্স অফিসে ছবিটি কতটা রাজত্ব করতে পারে।
















