বলিউডের অন্যতম পাওয়ার-কাপল ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ গত বছর নভেম্বর ২০২৫-এ তাঁদের প্রথম সন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন। চলতি বছরের ৭ই জানুয়ারি তাঁরা ছেলের নাম রেখেছেন ‘বিহান কৌশল’। তবে বিরাট-অনুষ্কার পথ অনুসরণ করেই ভিকি-ক্যাটরিনা তাঁদের ছেলেকে ক্যামেরার আলো থেকে সম্পূর্ণ দূরে রেখেছেন। পাপারাৎজিদের কড়াভাবে বারণ করা রয়েছে বিহানের ছবি তুলতে। স্বাভাবিকভাবেই, একরত্তি বিহানকে দেখতে ঠিক কার মতো হয়েছে— তা জানার জন্য চাতক পাখির মতো বসেছিলেন ভক্তরা। অবশেষে সেই রহস্যের পর্দা তুললেন খোদ ভিকির বাবা তথা বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।
সম্প্রতি দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে শাম কৌশল খোলসা করলেন ওঁর নাতিকে দেখতে ঠিক কার মতো হয়েছে। ক্যাটরিনা না কি ভিকি? ছোট্ট বিহানের আদলে কার পাল্লা ভারী?
সেই সাক্ষাৎকারে শাম কৌশল অকপটে স্বীকার করেন যে, ওঁর মনে হয় খুদে বিহান দেখতে ওঁর বাবা অর্থাৎ ভিকি কৌশলের মতো হয়েছে। নাতির কথা বলতে গিয়ে ওঁর চোখমুখ খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে। তিনি বলেন, “ও (বিহান) আমার জীবনটা পুরো বদলে দিয়েছে। আমি যখন কাজে ব্যস্ত থাকি আর ওকে সামনাসামনি জড়িয়ে ধরতে পারি না, তখন দিনে অন্তত দু-তিনবার ভিডিও কল করে ওঁর সঙ্গে কথা বলি। ও খুব শান্ত আর মিষ্টি একটা বাচ্চা। ওকে নিয়ে আমি ঈশ্বরকে যতবারই ধন্যবাদ জানাই না কেন তা কম হয়।”
এই আড্ডায় ভিকির ছোটবেলার স্মৃতি হাতড়ে শ্যাম জানান, ভিকি ছোটবেলায় একদমই দুষ্টু ছিল না, বরং ভীষণ শান্ত ও ভদ্র ছেলে ছিল। নাতিও যেন বাবার মতোই গুণ পেয়েছে।নিজের দুই ছেলে (ভিকি ও সানি) এবং পুত্রবধূ ক্যাটরিনা কইফকে নিয়ে গর্বের শেষ নেই শ্যামকৌশলের। তিনি আবেগঘন গলায় বলেন, “পৃথিবীতে এমন অনেক বাবা-মা আছেন যাঁরা সন্তানদের কারণে ধন্য হন। আমি তাঁদের মধ্যে একজন। আমি কোনওদিন এই জীবন কল্পনাও করিনি। ঈশ্বর আমাকে দুটো অসাধারণ ছেলে দিয়েছেন, আর আমার বৌমাও (ক্যাটরিনা) ভীষণ ভাল ও মিষ্টি স্বভাবের।”

মে মাসে মুম্বই বিমানবন্দরে ভিকি ও ক্যাটরিনাকে লেন্সবন্দি করেছিলেন পাপারাৎজিরা। সেখানে ভিকি পোজ দিলেও, কোলে সন্তান থাকায় ক্যাটরিনা ছবি তুলতে বারণ করেন। তবে পাপারাৎজিদের অ্যাকাউন্ট অনুযায়ী, ভিকি ও ক্যাটরিনা অত্যন্ত মিষ্টিভাবে ক্যামেরাম্যানদের সঙ্গে বিহানের আলাপ করিয়ে দিয়েছিলেন, কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে তাঁরা এখনই ওঁর মুখ সোশ্যালে বা মিডিয়ায় আনতে চান না। বলিউড তারকাদের মধ্যে এখন সন্তানদের গোপনীয়তা বজায় রাখার এই ট্রেন্ড বেশ তুঙ্গে। অনুষ্কা-বিরাট কিংবা সোনম কাপুরও এই একই নীতি মেনে চলছেন।
ব্যক্তিগত জীবনের এই আনন্দের মাঝেই কাজের ক্ষেত্রে কিছুটা ধাক্কা খেয়েছেন ভিকি। এই মুহূর্তে তিনি সঞ্জয় লীলা বনশালির মেগা প্রজেক্ট ‘লভ অ্যান্ড ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত। তবে সম্প্রতি এই ছবির সেটেই ৪২ বছর বয়সী এক ছুতোর মিস্ত্রি চন্দ্রধারী সিং যাদবের আকস্মিক মৃত্যু ঘিরে বিতর্ক তৈরি হয়েছে । খাবে, বনশালি প্রোডাকশনসের তরফে ওঁর পরিবারকে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এছাড়াও ভিকিকে আগামী দিনে অমর কৌশিকের বহুপ্রতীক্ষিত ছবি ‘মহাবতার’ -এ মুখ্যভূমিকায় দেখা যাবে।















