মুক্তির আগেই বড়সড় আইনি জটিলতায় জড়িয়ে পড়ল শাহিদ কাপুর অভিনীত নতুন ছবি ‘ও’ রোমিও’। বিশাল ভরদ্বাজের পরিচালনায় এই ছবির রিলিজ বন্ধ করার দাবিতে মুম্বইয়ের সিভিল কোর্টে মামলা করেছেন প্রয়াত হুসেইন উস্তারার মেয়ে সানোবর শেখ। তাঁর অভিযোগ, ছবিটি তাঁর বাবার জীবনের ঘটনা থেকে অনুপ্রাণিত হলেও পরিবারের অনুমতি ছাড়াই তা তৈরি করা হয়েছে।

সানোবর শেখের দাবি, ছবিতে তাঁর বাবা হুসেইন উস্তারাকে একজন গ্যাংস্টার বা অপরাধী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু বাস্তবে তাঁর বাবা কোনও অপরাধী ছিলেন না। তিনি পুলিশের একজন তথ্যদাতা হিসেবে কাজ করতেন এবং বহু অপরাধী ধরতে পুলিশকে সাহায্য করেছিলেন। ছবিতে বাবার চরিত্রকে ভুলভাবে তুলে ধরা হলে তাঁর বাবার সুনাম নষ্ট হবে এবং গোটা পরিবার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি সানোবরের। 

মামলার আবেদনে হুসেইন উস্তারার মেয়ে শেখ স্পষ্টভাবে বলেছেন, হুসেইন উস্তারা কোনও তারকা বা জনপরিচিত ব্যক্তি ছিলেন না। তাই তাঁর জীবনের উপর সিনেমা বানাতে হলে পরিবারের অনুমতি নেওয়া অত্যন্ত জরুরি ছিল। কিন্তু নির্মাতারা তা করেননি। তাঁর অভিযোগ, শুধুমাত্র ব্যবসায়িক লাভের জন্য তাঁর বাবার জীবনকে নেতিবাচকভাবে তুলে ধরা হচ্ছে, যা তিনি মেনে নিতে পারেন না।

এই মামলায় ছবির প্রযোজক, পরিচালক বিশাল ভরদ্বাজ এবং লেখক হুসেইন জাইদিকে বিবাদী করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ছবিটি একটি বই থেকে অনুপ্রাণিত হলেও বাস্তব ঘটনার সঙ্গে ছবির অনেক মিল রয়েছে। সেই কারণে এটিকে পুরোপুরি কাল্পনিক গল্প বলে চালানো ঠিক নয় বলেই সানোবর শেখের বক্তব্য।

আদালতের কাছে তিনি আবেদন করেছেন, যতদিন না মামলার চূড়ান্ত রায় হচ্ছে, ততদিন যেন ‘ও’ রোমিও ছবি প্রেক্ষাগৃহে মুক্তি না পায়। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম বা অন্য কোনও মাধ্যমেও ছবিটি দেখানো বন্ধ রাখার নির্দেশ দেওয়ার আবেদন করা হয়েছে। তাঁর আইনজীবীর দাবি, একবার ছবি মুক্তি পেলে পরিবারের সম্মানহানি আর আটকানো যাবে না।

অন্যদিকে, ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ও’ রোমিও কোনও ব্যক্তির জীবনীচিত্র নয়। এটি একটি কাল্পনিক গল্পমাত্র। বাস্তব ঘটনার সঙ্গে কোনও মিল থাকলেও তা ইচ্ছাকৃত নয় বলেই তাঁদের দাবি। তাই পরিবারের অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল না বলে মনে করছেন তাঁরা।

শীঘ্রই মুম্বই সিভিল কোর্টে এই মামলার শুনানি হবে। আপাতত আদালতের রায়ের দিকে তাকিয়ে বলিউড। ‘ও’ রোমিও শেষ পর্যন্ত মুক্তি পাবে, নাকি আইনি জটিলতায় পিছিয়ে যাবে-সেটাই দেখার।