কথা মতো, ১৯ মার্চ আসছে 'ধুরন্ধর ২'। রণবীর সিং আবারও হামজা আলি হয়ে ফেরার আগে প্রকাশ্যে এল 'ধুরন্ধর ২' তথা 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলক। ৩ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে মুক্তি পেল এই ছবির টিজার। প্রথম ঝলকে ফুটে উঠল কোন গল্প? 

১ মিনিট ১২ সেকেন্ডের 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলকে একদিকে দেখা গিয়েছে জসকৃত সিং রঙ্গীর জীবনের কথা। অর্থাৎ হামজার অতীত জীবনের কথা, যখন সে ভারতে ছিল কী কী দেখেছে সে, কীভাবে নিজেকে প্রস্তুত করেছে সবটাই ফুটে উঠেছে ঝলকে। অন্যদিকে দেখা গিয়েছে হামজা লিয়ারির রাজা হয়ে বসেছে। তবে হ্যাঁ, 'ধুরন্ধর' ছবির ঝলকেই যে নৃশংসতা দেখা গিয়েছিল সেটা এখানে নেই। মারকাটারি অ্যাকশন, কিছু শিউরে ওঠা দৃশ্য অবশ্যই আছে। আছে গোলাবারুদ, হিংসার ঝলক। 

'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবির ঝলকে সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবনের দেখা মিললেও দেখা গেল না অক্ষয় খান্নাকে। ফলে এই ছবির দ্বিতীয় ভাগে তিনি আদৌ থাকবেন কিনা সেটা স্পষ্ট নয়। টিজারের শেষে সেই জনপ্রিয় ডায়লগ বলতে শোনা যায়, 'ইয়ে নয়া হিন্দুস্তান হ্যায়, ইয়ে ঘর ম্যায় ঘুসেগা ভি, অর মারেগা ভি'। অর্থাৎ 'এটা নতুন ভারত। এরা আপনার দেশে ঢুকবেও আবার মারবেও'। বলাই বাহুল্য কথাগুলো শত্রুপক্ষকে উদ্দেশ্য করে বলা। 

'ধুরন্ধর' ছবিটি বক্স অফিসে ১৩০০ কোটি টাকার উপর ব্যবসা করেছিল। এবার পালা 'ধুরন্ধর ২' অর্থাৎ 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' ছবিটির। দর্শকদের থেকে এই ছবির দ্বিতীয় ভাগ কেমন সাড়া পায় সেটাই দেখার। এখানে মুখ্য ভূমিকায় আবারও রণবীর সিং থাকবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, প্রমুখ। আগামী ১৯ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। আদিত্য ধর ছবিটির পরিচালনা করেছেন। জ্যোতি দেশপান্ডে, লোকেশ ধর ছবিটির প্রযোজনা করেছেন। 

মুক্তি পাওয়ার এক ঘণ্টার মধ্যেই ৯ লাখের বেশি বার দেখা হয়েছে এই ছবির টিজার। এক ব্যক্তি লেখেন, 'আদিত্য ধর এটা দিয়ে খালি ছবিটি নিয়ে দর্শক কতটা উত্তেজিত সেটা দেখল।' আরেকজন লেখেন, 'এটা একদমই টিজার নয়, এটা দিয়ে ছবির ডেট নিশ্চিত করলেন। তবে ব্যাকগ্রাউন্ডটা স্কোর সেরা।' কারও কারও মতে, 'ধুরন্ধর' ছবির শেষে যেটা দেখা গিয়েছিল সেটাকেই টিজার বলে চালানো হয়েছে। ফলে 'ধুরন্ধর ২' ছবিটির ঝলক দর্শকদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে যে সেটা বলাই যায়। বক্স অফিসে কেমন প্রভাব ফেলে সেটাই দেখার।