সমাজমাধ্যম খুললেই এখন একটাই নাম চোখে পড়ছে সায়ক চক্রবর্তী। অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার সম্প্রতি ফেসবুকের পাতায় একটি লাইভ করে জানান কলকাতার একটি জনপ্রিয় পানশালায় তিনি এবং তাঁর কিছু বন্ধুরা গেলে তাঁদের গোমাংস খেতে দেওয়া হয়, যখন তাঁরা মাটন স্টেক অর্ডার করেছিলেন। এই ঘটনার পর হইহই রইরই পড়ে যায়। গ্রেফতার হন বেয়ারা। এদিন জামিন পেলেন তিনি। 

ব্যাঙ্কশাল কোর্টে শুনানি চলে সায়ক চক্রবর্তীর অভিযোগে গ্রেফতার হওয়া ওয়েটারের। সেখানেই জামিন পান তিনি। এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সায়করা মাটন স্টেক অর্ডার করা সত্ত্বেও তাঁদের বিফ স্টেক দেওয়ার পর অভিনেতা যখন লাইভে আসেন তখন এই নাজিমুদ্দিন নামক সেই বেয়ারাকে দেখান। লাইভে সেই ওয়েটারকে ক্ষমা চাইতে দেখা যায়। জানান ভুল হয়েছে তাঁর। তবুও অভিযোগ করা হয় তাঁর নামে। সায়কের দাবি জেনেবুঝে তাঁর ধর্মভ্রষ্ট করার চেষ্টা করা হয়েছে। যদিও সমাজমাধ্যম জুড়ে বিতর্ক শুরু হতেই সায়ক সেই ভিডিও মুছে দেন। পরবর্তীতে এই পানশালার তরফে ক্ষমাও চাওয়া হয়। এরপর সায়ক জানিয়ে দেন তিনি উক্ত বেয়ারার নামে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন। 

তবে সেই বেয়ারার নামে কেস প্রত্যাহার করা হলেও, বা তিনি জামিন পেলেও পার্ক স্ট্রিট থানায় এখনও হিংসা ছড়ানোর উস্কানির অভিযোগে সায়কের নামে অভিযোগ রয়েছে। পরিচালক জয়রাজ ভট্টাচার্য এই অভিযোগ করেছেন স্বতঃপ্রণোদিত ভাবে।

এদিন ব্যাঙ্কশাল কোর্টে উপস্থিত ছিলেন জয়রাজ ভট্টাচার্য, নওশাদ সিদ্দিকি, প্রমুখ। তাঁদের আদালতের বাইরে দাঁড়িয়ে আলোচনা করতে দেখা যায়। জয়রাজ নিজেও এই বিষয়ে একটি বিবৃতি জারি করেছেন। লিখেছেন, 'ব্যাঙ্কশাল কোর্ট থেকে এইমাত্র জামিন মঞ্জুর হল, পানশালার ওয়েটার বন্ধুর। কোর্টে সংহতি জানাতে উপস্থিত ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। সমস্ত মানুষকে পাশে দাঁড়ানোর জন্য অনেক অভিনন্দন।' 

প্রসঙ্গত, এই পানশালার তরফে সম্প্রতি বিবৃতি জারি করে জানানো হয়, ৩০ তারিখের ঘটনায়, তাদের তরফ থেকে একটি ভুল হয়েছিল। কিন্তু সেই ভুলটা ইচ্ছাকৃত ছিল না এবং কোনও ক্রেতার ভাবাবেগকে আঘাত দেওয়ার জন্য এই ধরণের ভুল তারা জেনে বুঝে করেননি। তারপরই সায়ক চক্রবর্তী একটি পোস্ট করে জানান তিনি অভিযুক্ত ওয়েটারের নামে অভিযোগ তুলে নিচ্ছেন। একই সঙ্গে বলেন, 'আমার এই পানশালার ভুল নিয়ে সমস্যা ছিল। হতে পারে আমার প্রতিক্রিয়াও ভুল ছিল। আমি দুঃখিত। ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরণের বিতর্কে জড়াতে চাই না।'