সদ্যই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে নতুন ভাবে, নতুন উদ্যমে 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শো নিয়ে ফিরেছেন সময় রায়না। আর এই বছর একদম গোড়া থেকেই নজর কাড়ছে এই কমেডি শো। ইতিমধ্যেই সেখানে অতিথি হয়ে এসেছিলেন আলিয়া ভাট, শর্বরী ওয়াগ। সম্প্রতি এই শো প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে বসেন কমেডিয়ান সুনীল পাল। 

কী জানিয়েছেন এই জনপ্রিয় কৌতুকশিল্পী? গত বছর যখন 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শো নিয়ে জোর বিতর্ক বেঁধেছিল, সেই সময় এই শো এবং সময় রায়নার বিরোধিতা করেছিলেন সুনীল পাল। এবার তিনি জানিয়েছেন, 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শোয়ের দ্বিতীয় সিজনে আসার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। এমনকী ২৫ লাখ টাকাও দিতে চাওয়া হয়। কিন্তু তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি। এবার সময় রায়না এই বিষয়ে মুখ খুললেন। জানালেন সুনীলের দাবি সর্বৈব মিথ্যে। এমন কিছু ঘটেনি। 

সময় রায়না এদিন সুনীল পাল যে 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শোয়ে আসার প্রস্তাব এবং ২৫ লাখ টাকা ফিরিয়েছেন তেমন এক খবরের স্ক্রিনশট পোস্ট করেন। সঙ্গে ক্যাপশনে মজা করে লেখেন, 'সম্পূর্ণ ভুয়ো খবর! সুনীল পালকে ২৫ লাখ টাকা দেব কেন?' 

সুনীল পাল ঠিক কী দাবি করেছিলেন? পাপারাজ্জিদের মুখোমুখি হয়ে কমেডিয়ান জানান সময় তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন, এবং ২৫ লাখ টাকা দিতেও চান এই শোয়ে তাঁকে আনার জন্য। কিন্তু এই খারাপ শো তিনি করবেন না, কোনও গালিগালাজ দেবেন না বলে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। 

প্রসঙ্গত, গত বছর এই শোয়ে এসে রণবীর আল্লাহবাদিয়ার বলা বক্তব্য নিয়ে যে বিতর্ক তৈরি হয়, জনরোষের মুখে পড়েন সময়ও, তখন সুনীল পাল তাঁদের দু'জনকে বিদ্রুপ করেন। বলেন তাঁদের কপিল শর্মার থেকে ক্লিন কমেডি শেখা উচিত। শুধু তাই নয়, তাঁদের দু'জনকে 'আতঙ্কবাদী' তকমাও দেন। কেবল সুনীল নন, মুকেশ খান্নাও গোটা ঘটনার বিরোধিতা করেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে সম্প্রতি কাজ করেছেন সময়।