কমেডিয়ান সময় রায়না তাঁর নতুন কমেডি স্পেশাল শো ‘স্টিল অ্যালাইভ’-এর মাধ্যমে সম্প্রতি নেটপাড়ায় দারুণ সাড়া ফেলেছেন। গত বছর ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এটিই তাঁর প্রথম বড় কাজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সময় জানান যে, সেই বিতর্ক তাঁকে আর্থিকভাবে কতটা বিপদে ফেলে দিয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে তিনি অমিতাভ বচ্চনের মতো দেউলিয়া হয়ে যাওয়ার ভয় পাচ্ছিলেন। 

সময় জানান যে ওই বিতর্কের কারণে তিনি প্রায় সবকিছুই হারিয়েছিলেন। কারণ সবাই তখন এত ভয় পেয়ে গিয়েছিল যে কেউ তাঁদের এপিসোড আপলোড করতে দিচ্ছিল না। এমনকী সেই সময় সমস্ত স্পন্সররাও পিছিয়ে যায়। তিনি স্পন্সরদের থেকে পাওয়া আগাম টাকা ইতিমধেই ফিক্সড ডিপোজিট করে ফেলেছিলেন, যা পরে তাঁকে সেই ফিক্সড ভেঙে টাকা ফেরত দিতে হয়।

সময় আরও জানান যে, সেই সময় তিনি এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছিলেন। অনেক বিজ্ঞাপনের কাজ শেষ হয়ে যাওয়ার পরেও কোম্পানিগুলো তাদের টাকা ফেরত চেয়েছিল। এমনকী বুক-মাই-শো থেকে ট্যুরের জন্য নেওয়া অগ্রিম টাকাও তিনি খরচ বা বিনিয়োগ করে ফেলেছিলেন। তখন তাঁর মনে হচ্ছিল কোনও ব্র্যান্ড হয়তো আর কোনওদিন তাঁর সঙ্গে কাজ করবে না। তাঁর সবচেয়ে বড় ভয় ছিল যে তিনি ঋণের জালে আটকে পড়বেন, ঠিক যেমনটা নব্বইয়ের দশকে অমিতাভ বচ্চনের সঙ্গে ঘটেছিল। 


উল্লেখ্য, অমিতাভ বচ্চনের কোম্পানি এবিসিএল লোকসানে চলায় তিনি প্রায় ৯০ কোটি টাকার ঋণে ডুবে গিয়েছিলেন। তিনি তখন তাঁর বাড়ি পর্যন্ত হারানোর উপক্রম হয়েছিল। সময় রায়না সেই একই পরিস্থিতির কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তবে সময়ের দেওলিয়া হওয়ার ভয়ে 'বিগ-বি'র প্রসঙ্গ টেনে আনাকে একেবারেই ভাল চোখে দেখেননি বর্ষীয়ান অভিনেতার অনুরাগীরা। ফলে, সোশ্যাল মিডিয়ায় ফের চর্চা শুরু হয়েছে এই নিয়ে।