আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...


বিজয়ের সঙ্গে দেখা করে আবেগপ্রবণ সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু তাঁর প্রাক্তন সহ-অভিনেতা এবং বর্তমানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত। সামান্থা জানিয়েছেন, বিজয় শুধু সিনেমার পর্দায় নায়ক হওয়ার জন্য তৈরি হননি, তাঁর জীবনে আরও বড় কিছু করার লক্ষ্য ছিল। অভিনেত্রীর কথায়, তিনি বরাবরই বিশ্বাস করতেন যে বিজয় একদিন বিশেষ কিছু করবেন। বিজয় ও সামান্থা এর আগে একসঙ্গে কাজ করেছেন জনপ্রিয় ছবি Kaththi-তে। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের কাছেও বেশ প্রশংসিত হয়েছিল। 

কলকাতায় আরবাজ খানের গাড়িতে জোর করে ঢুকে পড়লেন এক ব্যক্তি


কলকাতায় অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি আরবাজ খানের গাড়িতে জোর করে ঢুকে পড়েন বলে জানা গিয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আরবাজ খান নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নিজের গাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন। সেই সময় হঠাৎই এক ব্যক্তি গাড়ির ভিতরে ঢুকে পড়েন। বিষয়টি প্রথমে বুঝতে না পেরে অভিনেতা কিছুটা চমকে যান। পরে নিরাপত্তাকর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এবং ওই ব্যক্তিকে গাড়ি থেকে বাইরে বের করে আনেন। এই ঘটনায় অনুষ্ঠানস্থলে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও নিরাপত্তারক্ষীদের তৎপরতায় বড় কোনও বিপদ ঘটেনি। ঘটনার ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এত নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন ব্যক্তি কোনও বাধা ছাড়াই অভিনেতার গাড়ির কাছে পৌঁছে গেলেন। 


‘দুষ্টুমি অক্ষয়ের ডিএনএ-তে’, খিলাড়ি কুমারের প্রশংসায় সুনীল শেট্টি

বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার ও সুনীল শেট্টির বন্ধুত্ব বহু বছরের। এবার অক্ষয়ের মজার স্বভাব নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি। তিনি জানিয়েছেন, অক্ষয়ের মধ্যে এমন এক দুষ্টুমি এবং প্রাণবন্ত স্বভাব রয়েছে, যা তাঁর ব্যক্তিত্বেরই অংশ। এক সাক্ষাৎকারে সুনীল বলেন, অক্ষয় কুমারের রসবোধ অসাধারণ। তাঁর কথায়, অক্ষয়ের ‘উঙ্গলি করা’ বা মজা করার অভ্যাস যেন তাঁর ডিএনএ-তেই রয়েছে। অভিনেতার এই প্রাণবন্ত স্বভাবই তাঁকে অন্যদের থেকে আলাদা করে তোলে বলেও জানান সুনীল।