'সৈরাব' খ্যাত অভিনেতা রোহিত চন্দেলের বিরুদ্ধে এক নাবালিকাকে উত্যক্ত করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, সেই মেয়েটিকে নাকি তিনি মারধরও করেছেন। এই অভিযোগ পাওয়ার পরই গ্রেফতার করা হয়েছে রোহিতকে। কিন্তু তাঁর এই গ্রেফতারির খবর বা তিনি যা ঘটিয়েছেন সেটা কিছুতেই মানতে পারছেন না তাঁর সহকর্মীরা। কিন্তু কেন?
রোহিতের গ্রেফতারির পরের দিনই তাঁর এক সহকর্মী সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন। জানান তাঁরা ঘটনাটি বিশ্বাসই করতে পারছেন না। প্রথমে ভেবেছিলেন গোটা বিষয়টাই পিআর স্টান্ট। তারপর জানা যায়, না ব্যাপারটা বাস্তবে ঘটেছে, তখন তারা হতচকিত হয়ে যান। কারণ রিল, রিয়েল যেন মিলেমিশে একাকার হয়ে গিয়েছে।
এদিন 'সৈরাব' ধারাবাহিকের অন্যতম অভিনেত্রী কিশোরী সাহানে একটি সাক্ষাৎকারে বলেন, তাঁদের ধারাবাহিকে গল্পেও একই ধরনের বিষয় দেখানো হচ্ছে। সেম ট্র্যাক রয়েছে। তাই তাঁরা ভেবেছিলেন এটা আদতে পিআর স্টান্ট।
ঠিক কী কী রোহিতের বিরুদ্ধে? ১৬ বছরের এক নাবালিকা মেয়েকে উত্যক্ত করা এবং তাকে মারধর করার অপরাধে মুম্বই পুলিশ এই অভিনেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর, ওই ১৬ বছরের মেয়েটি এবং তার পরিবারের লোকজনকে অভিনেতা রোহিত আগে থেকেই চিনতেন। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে অভিনেতা নাবালিকার পিছু নিচ্ছিলেন এবং তাকে বিরক্ত করছিলেন। ঘটনার দিন রোহিত জোর করে মেয়েটির রাস্তা আটকান। নিগৃহীতা যখন এর প্রতিবাদ করে, তখন রোহিত রেগে গিয়ে তাকে মারধর এবং হেনস্থা করেন বলে অভিযোগ। এই ঘটনার পর নাবালিকা ভয় না পেয়ে সব কথা তার পরিবারকে জানায়। এরপরই পরিবারের তরফে মুম্বইয়ের গোরেগাঁও থানায় রোহিতের নামে এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারিনী নাবালিকা হওয়ায় পুলিশ ‘পকসো’ আইন এবং শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করে।
টেলিভিশন জগতের পরিচিত মুখ, অভিনেতা রোহিত চন্দেল। এই মুহূর্তে অভিনেতাকে দর্শক দেখছেন স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক 'সৈরাব'-এ। লীনা গাঙ্গুলির প্রযোজনায়, ম্যাজিক মোমেন্টসের ব্যানারে সম্প্রচারিত হয় এই মেগা। রোহিত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তবে, জানিয়েছেন তিনি কেবলই, সেই মেয়েটির সঙ্গে দেখা করতে যেতেন। এখন এটাই দেখার পালা আদালত তাঁকে কতদিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়। অন্যদিকে এমন অভিযোগের পর তাঁকে আর আদৌ ধারাবাহিকে দেখা যাবে কিনা সেটাও দেখার।















