বলিউডের পুরনো সম্পর্ক আর গুঞ্জন নিয়ে ফের চর্চা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতা আর্য বব্বর এক সাক্ষাৎকারে বাবা রাজ বব্বরের ব্যক্তিজীবন নিয়ে খোলাখুলি কথা বললেন। এই সময় তিনি রেখার নাম করেন৷
রাজ বব্বরের সঙ্গে প্রেম ছিল রেখার? এই প্রশ্নের উত্তরে আর্য বলেন রেখা এত সুন্দরী, এমন কোনও মানুষ কি আছেন যিনি তাঁর প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন? তিনি আরও জানান, কারও প্রতি আকর্ষণ অনুভব করা খুব স্বাভাবিক বিষয়, এতে ভুল কিছু নেই।
একসময় রাজ বব্বর এবং রেখার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল, একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন রেখা এবং রাজ বব্বর।
'অগর তুম না হোতে', 'আমিরি গরিবি', 'ইনসাফ কি আওয়াজ' এর মতো বিখ্যাত সব ছবিতে জুটি বেঁধেছিলেন রাজ-রেখা৷ সেই থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ছড়ায়।
আর্য আরও বলেন, ছোটবেলা থেকেই তাঁর বাবার সম্পর্ক নিয়ে নানা আলোচনা শুনে বড় হতে হয়েছে তাঁকে। রাজ বব্বরের সঙ্গে স্মিতা পাটিলের সম্পর্ক, পরে তাঁর মৃত্যু এবং পরিবারের ভাঙাগড়া— সবই তাঁদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল। তবে এখন তাঁরা অতীত ভুলে এগিয়ে যেতে চান।
তিনি স্পষ্ট জানান, “আমরা সবাই জীবনে এগিয়ে গিয়েছি। তাই অন্যদেরও উচিত পুরনো বিষয় নিয়ে বারবার আলোচনা না করা।” আর্যর এই মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। অনেকেই বলছেন, এত বছর পরেও বলিউডের পুরনো সম্পর্ক নিয়ে মানুষের আগ্রহ আজও একই রকম রয়েছে।















