টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পীর বায়োপিকে রশ্মিকা

ভারতের কিংবদন্তি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী এমএস সুব্বুলক্ষ্মীর জীবন নিয়ে বায়োপিক তৈরির গুঞ্জন দীর্ঘদিনের। আর এবার সেই চর্চায় নতুন মোড়। শোনা যাচ্ছে, এই চরিত্রে অভিনয়ের জন্য পরিচালক গৌতম তিন্নানুরি ভাবছেন রশ্মিকা মন্দানাকে। জানা যাচ্ছে, সম্প্রতি রশ্মিকার বাড়িতেই নাকি এই ছবির জন্য একটি লুক টেস্ট সম্পন্ন হয়েছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, এর আগে এই চরিত্রের জন্য সাই পল্লবী এবং রুক্মিণী বসন্তের নামও জোরালোভাবে শোনা গিয়েছিল। তবে সেই জল্পনায় জল ঢেলে বর্তমানে রশ্মিকার নাম সামনে আসায় অনুরাগীদের মধ্যে কৌতূহল তুঙ্গে।

কবে মুক্তি পাচ্ছে 'ইথা'?

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে মুক্তি পেতে চলেছে শ্রদ্ধা কাপুর এবং রণদীপ হুডা অভিনীত ছবি ‘ইথা’। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৮ আগস্ট ২০২৬ সালে বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। রাখিবন্ধন উৎসবের দিনই আসছে এই ছবি। ‘স্ত্রী ২’-এর ব্যাপক সাফল্যের পর শ্রদ্ধা কাপুরকে পর্দায় দেখার জন্য অনুরাগীরা মুখিয়ে ছিলেন। এবার ‘ইথা’য় তাঁকে একদম অন্যরকম একটি চরিত্রে দেখা যাবে। সিনেমাটি মূলত মারাঠি লোকশিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবনকাহিনি অবলম্বনে তৈরি। শ্রদ্ধা এখানে 'বিঠাবাই'-এর চরিত্রে অভিনয় করছেন।

স্ফীতোদর প্রকাশ্যে দীপিকার 

নতুন কেনা বাড়ির কাজ কেমন চলছে সেটা দেখতেই মুম্বইয়ের বান্দ্রায় এলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। পাপারাজ্জিদের ক্যামেরার লেন্সবন্দি হওয়ার সময় দীপিকাকে দেখা গিয়েছে একদম ঘরোয়া লুকে। হালকা রঙের পোশাক পরা অভিনেত্রীর ‘বেবি বাম্প’ স্পষ্ট ছিল, যা দেখে অনুরাগীরা ভালবাসা উজাড় করে দিয়েছেন। রণবীর সিংকে বরাবরের মতোই দেখা গিয়েছে স্ত্রীর পাশে। দ্বিতীয়বার বাবা-মা হবেন রণবীর-দীপিকা। জানা যাচ্ছে চলতি বছরের শেষেই ছোট্ট দুয়ার ভাই কিংবা বোন আসছে।