শুটিং ফ্লোরে বড়সড় বিপত্তির মুখে জনপ্রিয় দক্ষিণী তথা বলিউড অভিনেত্রী রশ্মিকা মন্দানা। একটি জমকালো ও ঝুঁকিপূর্ণ নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে নিতম্বে গুরুতর চোট পেয়েছেন তিনি। জানা গেছে, তাঁর হিপের একটি পেশি পুরো ছিঁড়ে গেছে, যা সাধারণত ক্রীড়াবিদদের সঙ্গেই বেশি ঘটে! চিকিৎসকরা তাঁকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। ফলে অভিনেত্রীর ঠাসা শিডিউল নিয়ে এখন তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা।
সূত্রের খবর, রশ্মিকা এই মুহূর্তে তাঁর আসন্ন বেশ কয়েকটি বড় বাজেটের প্রজেক্ট এবং বিজ্ঞাপনের শুটিং নিয়ে দারুণ ব্যস্ত ছিলেন। এর মাঝেই একটি অত্যন্ত জোরালো নাচের দৃশ্য শুট করার সময় তাঁর নিতম্বে মারাত্মক চাপ পড়ে। প্রথমে ব্যথা সামান্য মনে হলেও চিকিৎসকদের কাছে যাওয়ার পর জানা যায় আঘাতের গভীরতা যথেষ্ট গুরুতর। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অস্ত্রোপচার বা বড় কোনও জটিলতা না থাকলেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে তাঁকে দীর্ঘ ৬ সপ্তাহ কঠোর বিশ্রামে থাকতে হবে।
চারটি বড় ছবির কাজ এবং প্রায় ৩০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ—রশ্মিকার এই মেগা শিডিউল এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম চর্চিত বিষয়। কিন্তু এই চোটের কারণে তাঁর পুরো রুটিনেই বড়সড় ধাক্কা লেগেছে। যদিও এখনও পর্যন্ত অভিনেত্রী বা তাঁর টিমের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ঘনিষ্ট মহলের খবর, নির্মাতারা এখন ছবির শুটিংয়ের ডেট পরিবর্তন করার কথা ভাবছেন। রশ্মিকার দ্রুত সুস্থ হয়ে ওঠাই এখন সবার কাছে প্রধান অগ্রাধিকার।
খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো উদ্বেগে পড়েছেন তাঁর অগুনতি ভক্তরা। সোশ্যাল মিডিয়ার পাতা জুড়ে এখন একটাই ট্রেন্ড— ‘গেট ওয়েল রশ্মিকা’(#GetWellSoonRashmika)। প্রিয় নায়িকার এই বিপদের দিনে সকলে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন এবং অনুরোধ জানাচ্ছেন যাতে তিনি শরীরের প্রতি সম্পূর্ণ যত্ন নিয়ে তবেই ক্যামেরার সামনে ফেরেন। আপাতত রুপোলি পর্দার আলো থেকে দূরে, ঘরের কোণেই কাটবে ‘ন্যাশনাল ক্রাশ’-এর আগামী কয়েকটি দিন।
















