দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের আসন্ন ছবি ‘জেলার ২’-এর শুটিং সেটে বড়সড় দুর্ঘটনা। চেন্নাইয়ের পানাইয়ুরের একটি ফিল্ম স্টুডিওতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২৮ বছর বয়সী এক ক্রু সদস্যের। জানা যাচ্ছে, মৃত যুবকের নাম কার্তিকেয়ন। তিনি এই ছবির আর্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন।

মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বৃহস্পতিবার স্টুডিওতে একটি কৃত্রিম ঘর তৈরির কাজ চলছিল। কার্তিকেয়ন সেই সেট নির্মাণের সময় আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লুটিয়ে পড়েন। তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কানাতুর থানার পুলিশ জানিয়েছে, ঠিক কী কারণে এবং কীভাবে বিদ্যুতের উৎস থেকে লিকেজ তৈরি হল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও এফআইআর দায়ের করা হয়নি।

যদিও, কয়েক সপ্তাহ আগেই প্রযোজনা সংস্থা সান পিকচার্স ছবিটির শুটিং শেষ হওয়ার কথা ঘোষণা করেছিল। গত ২১ এপ্রিল রজনীকান্ত ও পরিচালক নেলসন দিলীপকুমারকে নিয়ে কেক কাটার ছবিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কাজ শেষ হওয়ার পরেও কেন পুনরায় সেটে নির্মাণকাজ চলছিল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই মর্মান্তিক ঘটনা নিয়ে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ব্লকবাস্টার ছবি ‘জেলার’-এর সিক্যুয়েল ঘিরে অনুরাগীদের মধ্যে তুমুল উত্তেজনা রয়েছে। রজনীকান্ত আগে জানিয়েছিলেন যে ২০২৬ সালের ১২ জুন ছবিটি মুক্তি পেতে পারে। তবে সাম্প্রতিক এই পরিস্থিতি এবং স্টুডিওর অভ্যন্তরীণ কাজের জেরে মুক্তির তারিখ কিছুটা পিছিয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে। বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, আগামী ৪ সেপ্টেম্বর কৃষ্ণ জয়ন্তী উপলক্ষ্যে ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে পারে।