আরব সাগরে লক্ষ ঢেউ। কোনও ঢেউ ভাঙে, কোন ঢেউ গড়ে... জানতে পারেন কেউ? মায়ানগরীর আনাচেকানাচে গুনগুন ফিসফাস। খবরের কানাকানিতে থমকে বাতাস। সারা দিনের খবরাখবর শেষবেলায় আজকাল ডট ইনের পাতায়...।

মা হতে চলেছেন রাধিকা মার্চেন্ট?

সোশ্যাল মিডিয়ায় আবারও চর্চার কেন্দ্রে উঠে এসেছেন অম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু নবরাত্রির ভিডিও দেখে নেটপাড়ায় তাঁর মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। অনন্ত আম্বানি ও রাধিকার রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই যদিও শোনা গিয়েছিল রাধিকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন। তখন সেই গুঞ্জন চাপা পড়ে গেলেও আবারও উঠে এসেছে আম্বানি পরিবারে নতুন সদস্য আসার খবর। তবে এই ধরণের গুঞ্জনের বিষয়ে অম্বানি পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা বা সত্যতা নিশ্চিত করা হয়নি। এটি আপাতত সোশ্যাল মিডিয়ার গুঞ্জন মাত্র।

মুম্বই ছাড়ছেন অভিকা!

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিকা গোর কি তবে বিনোদন জগত থেকে বিদায় নিচ্ছেন? সম্প্রতি এই গুঞ্জন জোরালো হয়েছে। যদিও এই বিষয়টা মোটেও তেমন নয়। তবে তিনি যে এক বড়সড় জীবন পরিবর্তনের পথে হেঁটেছেন, তা নিয়ে এখন সরগরম টিনসেল টাউন। গত বছর সেপ্টেম্বর মাসে দীর্ঘদিনের প্রেমিক মিলিন্দ চান্দওয়ানির সঙ্গে গাঁটছড়া বাঁধার পর এবার পাকাপাকিভাবে ব্যাংককে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তবে ব্যাংককে থিতু হলেও ভারতের কাজ থেকে বিরতি নিচ্ছেন না অভিকা। তাঁর কথায়, মুম্বইয়ে থাকলেও তাঁকে হায়দরাবাদ বা চেন্নাইয়ে শুটিংয়ের জন্য দৌড়াতে হত। এখন শুধু ফ্লাইটের দূরত্বটা একটু বাড়ছে, এই যা।

'কিং'-এর ফ্লোর থেকে রণবীরের সেলফি

শাহরুখ খানের আগামী ছবি ‘কিং’-এর শুটিং নিয়ে এখন উন্মাদনার পারদ চড়ছে। তবে এই ছবির সেটে সম্প্রতি মধ্যমণি হয়ে উঠলেন অন্য এক বলিউড সুপারস্টার, রণবীর সিং। দক্ষিণ আফ্রিকায় ছবির শুটিং চলাকালীন রণবীরের বেশ কিছু ছবি এবং সেলফি এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। আসলে ‘কিং’ ছবিতে অভিনয় করছেন রণবীরের স্ত্রী দীপিকা পাড়ুকোন। স্ত্রীর কাজের ফাঁকে তাঁর পাশে থাকতেই সুদূর দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছেন অভিনেতা। সঙ্গে রয়েছে তাঁদের ছোট্ট মেয়ে দুয়া‌। সম্প্রতি ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, কালো টি-শার্ট, কার্গো প্যান্ট আর মাথায় টুপি পরে ফ্যানদের আবদার মেটাচ্ছেন অভিনেতা। হাসিমুখে একের পর এক সেলফি তুলছেন অনুরাগীদের সঙ্গে। একেই দীপিকা পাড়ুকোন দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, তাঁর খেয়াল রাখতেই নাকি 'কিং'-এর শুটিংয়ে রয়েছেন রণবীর। এর মধ্যেই তাঁর অনুরাগীদের সঙ্গে মিষ্টি মুহূর্ত আরও বেশি করে নজর কেড়েছে নেটিজেনদের।