বলিউডে রণবীর সিংয়ের নাচের ভঙ্গি নিয়ে নতুন করে বলার কিছু নেই। কিন্তু সেই নাচই যে একদিন তাঁর প্যান্টের কাল হয়ে দাঁড়াবে, আর স্ত্রী দীপিকা পাড়ুকোনকে রীতিমতো দর্জির ভূমিকায় নেমে পড়তে হবে, তা বোধহয় কেউ ভাবেননি। 'ছপাক' ছবির প্রচারে একটি শো-তে এসে এই মজার ঘটনাই শুনিয়েছিলেন দীপিকা।

অনুষ্ঠানের সঞ্চালক হেসে দীপিকার কাছে প্রশ্ন রাখেন, দীপিকার ব্যাগে নাকি সবসময় সুচ-সুতো আর সেফটিপিন থাকে,  কারণ রণবীর যেভাবে লাফঝাঁপ করে নাচেন, তাতে যে কোনও সময় জামাকাপড় ছিঁড়ে যেতে পারে। দীপিকা হেসে সঙ্গে সঙ্গে স্বীকার করে নেন, কথাটা একেবারে সত্যি, আর এমনটা সত্যিই ঘটেছে একবার।

এরপরেই দীপিকা শোনান বার্সেলোনার এক মিউজিক ফেস্টিভ্যালের গল্প। রণবীর সেদিন পরেছিলেন একটা ঢোলাঢালা প্যান্ট, আর নাচছিলেন তাঁর ট্রেডমার্ক অদ্ভুতুড়ে স্টেপে। হঠাৎই মাঝনাচে "ফটাস" শব্দ করে ছিঁড়ে যায় প্যান্টটা। দীপিকা জানান, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে ব্যাগ থেকে সুচ-সুতো বের করে ফেলেন তিনি। চারদিকে তখন উৎসবের মেজাজে সবাই নাচছে, আর তারই মাঝে দাঁড়িয়ে স্বামীর প্যান্ট সেলাই করছেন দীপিকা। 

গল্প শুনে সঞ্চালক মজা করে বলে ওঠেন, রণবীর সত্যিই কতটা ভাগ্যবান, যার স্ত্রী বিপদে-আপদে এভাবে পাশে দাঁড়ান। সেই মুহূর্তের একটি ছবিও শোয়ে তুলে ধরেছিলেন দীপিকা, যা দেখে হাসির রোল ওঠে গোটা সেটে।

অনস্ক্রিন প্রেম থেকে বাস্তবের সংসার— দীপিকা-রণবীরের রসায়ন বরাবরই দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা। আর এমন মজার, খুনসুটিতে ভরা মুহূর্তগুলোই বারবার প্রমাণ করে দেয়, ফিল্মি জুটির বাইরেও তাঁদের সম্পর্ক কতটা সহজ!