জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা' শুরু থেকেই দর্শকের মনে জায়গা করে নিয়েছে। টিআরপির প্রথম পাঁচে বরাবরই দেখা গিয়েছে এই মেগাকে। এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি। তবুও একটুও জনপ্রিয়তা কমেনি এই ধারাবাহিকের। গল্পে আসছে এক বিরাট চমক। আর সেই চমকেই দেখা যাবে নতুন চরিত্রদের।
ইতিমধ্যেই 'পরিণীতা'র গল্পে দেখানো হয়েছে পারুলের মাকে কলকাতায় গ্রেফতার করা হয়েছে চারজন পুলিশ অফিসারের হত্যার জন্য। কিন্তু সে আসল দোষী নয়। এবার তাকে রক্ষা করতে ও তার পাশে দাঁড়াতে গল্পে আসছে নতুন চরিত্র। দক্ষিণ ভারতের জঙ্গলে এক সময় উদ্ধার হয় পারুলের মা। আর তাকে আপন করে নেয় অঞ্জলী নামের স্থানীয় বাসিন্দা। পারুলের মাকে তারা বড়দিদির মতোই মনে করে। এতদিন বিভিন্ন বিপদে-আপদে তারা একে অপরের পাশে থেকেছে। এবার পারুলের মায়ের ভয়ঙ্কর বিপদে কলকাতায় পাড়ি দেবে অঞ্জলীরা। গল্পে 'অঞ্জলী'র চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে। ইতিমধ্যেই নতুন চরিত্রের শুটিং শুরু করেছেন তিনি।
কিছুদিন আগেই 'পরিণীতা'র গল্পে এসেছিল আরও এক নতুন টুইস্ট। দেখা গিয়েছিল, পারুল অন্তঃসত্ত্বা। কিন্তু সে কিছুতেই রায়ানকে তার সন্তানের বাবার অধিকার দিতে নারাজ। এই নিয়ে ফের অশান্তি তৈরি হয় তাদের মধ্যে। সেই অশান্তি আবার আদালত পর্যন্ত গড়ায়। কিন্তু পারুলের বিপদে তার হাত ছেড়ে চলে যায় না রায়ান।
এত অশান্তির পরেও তারা একসঙ্গে বিপদের মোকাবিলা করে। ক'দিন আগে পারুল বাবাকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিল। মরণফাঁদ থেকে একপ্রকার বেঁচে ফিরেছিল তারা। এবার মাকে মিথ্যের জাল থেকে বের করার পালা পারুলের। কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে? উত্তরের অপেক্ষায় দিন গুনছেন দর্শক।















