'ইন্ডিয়াস গট লেটেন্ট' শো নিয়ে গত বছর কম বিতর্ক, ঝামেলা হয়নি। সময় রায়নার নামে একাধিক অভিযোগ জমা পড়েছিল। বিষয় গড়ায় কোর্ট পর্যন্ত। স্ট্যান্ড কমেডির মান নিয়ে উঠেছিল প্রশ্ন। সেই ঘটনার বছর ঘুরতে না ঘুরতেই বিতর্ক অতীত। বরং নতুন রূপে আসছে 'ইন্ডিয়াস গট লেটেন্ট'। এদিন নেটফ্লিক্সের তরফে এই শোয়ের সিজন ২ ঘোষণা করা হল।
'ইন্ডিয়াস গট লেটেন্ট' শো কেবল নেটফ্লিক্সে দেখা যাবে এমনটা নয়। একই সঙ্গে এই বহুল চর্চিত শো দেখা যাবে ইউটিউবেও। শুক্রবার, ১৯ জুন উক্ত ওটিটি মাধ্যমের তরফে এই শোয়ের ঘোষণা করা হয়। কারা থাকবেন শোয়ে? সময় রায়না তো থাকবেনই। সঙ্গে তাঁর বহুদিনের বন্ধ এবং ক্রিয়েটিভ কোলাবোরেটর বলরাজ সিং ঘাইকেও যাবে। এদিন এই শোয়ের যে অ্যানাউন্সমেন্ট ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে তাঁদের দু'জনকে হাসিজ মশকরা করতে দেখা গিয়েছে।
বলরাজ সময়কে জিজ্ঞেস করেন, 'ইন্ডিয়াস গট লেটেন্ট সিজন ২' কি সত্যিই নেটফ্লিক্সে আসছে? জবাবে সময় রায়না জানান, হ্যাঁ। সেটা শুনেই বলরাজ বলে ওঠেন, ইউটিউব অর্থাৎ যে প্ল্যাটফর্মের হাত ধরে তিনি যে শো শুরু করেছিলেন সেটাকে তিনি ধোঁকা দিলেন? এটা মোটেই সঠিক কাজ হয়নি। তাঁর এই কথা শুনে সময়ের দেহরক্ষী যখন বলেন যে পয়সার জন্য এসব করতে হয়, তখন সেটা শুনেই ক্ষেপে যান বলরাজ। জানতে চান, সময় আর কত টাকা কামাবেন? টাকার জন্য ভক্তদের ভুলে যাবে? তবে এই ঝামেলা, বিতর্ক থামিয়ে সময় জানান 'ইন্ডিয়াস গট লেটেন্ট' নেটফ্লিক্স এবং ইউটিউব দুই জায়গাতেই আসবে। তাও একই দিনে, একই সময়। আর নেটফ্লিক্সের মতো ইউটিউবেও গোটা এপিসোড দেখা যাবে।















