‘ডন ৩’ ছবি থেকে রণবীর সিং-এর আচমকা প্রস্থান, প্রযোজক সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের ৪৫ কোটি টাকার নোটিশ এবং ফেডারেশন (FWICE)-এর ‘অসহযোগিতা ফতোয়া’— এই মুহূর্তে গোটা দেশের বিনোদন জগতের সবচেয়ে বড় হট টপিক। রণবীরকে ব্যান করা নিয়ে এই মেগা বিতর্ক নিয়ে যখন টিনসেল টাউন আড়াআড়ি বিভক্ত, ঠিক তখনই এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন বলিউডের অন্যতম শক্তিশালী ও বর্ষীয়ান অভিনেতা মনোজ বাজপেয়ী। ওঁর আগামী ছবি ‘গভর্নর’-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে এই সংবেদনশীল বিষয় নিয়ে নিজের সুচিন্তিত মতামত জানালেন অভিনেতা।
মনোজের মতে, ইন্ডাস্ট্রির ভেতরে থাকা বহু মানুষই এই বিতর্কের ভেতরের খবর জানেন না। সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার রমরমার কারণে জল যতটা ঘোলা হয়েছে, খোদ বলিপাড়ার অন্দরেও এই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
রণবীর ও এক্সেল এন্টারটেইনমেন্টের দ্বৈরথ নিয়ে প্রশ্ন করা হলে ‘গভর্নর’ তারকা মনোজ বাজপেয়ী অত্যন্ত পরিণত ভঙ্গিতে বলেন, “আমি আপনাদের একটা সত্যি কথা বলি, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা যারা রয়েছি, তাঁরা প্রত্যেকেই এই বিষয়ে যা কিছু জানছি বা পড়ছি, তা স্রেফ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমাদের কারোর কাছেই এই ঘটনার ভেতরের কোও বিস্তারিত তথ্য বা নিখুঁত খবর নেই। তবে ইন্ডাস্ট্রির একজন সহকর্মী এবং ফ্র্যাটার্নিটির মেম্বার হিসেবে আমরা শুধু এটুকুই আশা করতে পারি যে, এই সমস্যাটা যেন খুব দ্রুত এবং শান্তিপূর্ণভাবে মিটে যায়।”
ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির এই বিগ-বাজেট প্রজেক্টটি প্রায় তিন বছর ধরে প্রি-প্রোডাকশনের স্তরে ছিল। এখনও শুটিং শুরু না হলেও প্রযোজকদের দাবি— কাস্টিং, লোকেশন রেকি ও অন্যান্য স্ক্রিপ্ট ওয়ার্ক বাবদ ইতিমধ্যেই প্রায় ৪৫ কোটি টাকা খরচ হয়ে গিয়েছে। আর সেই কারণেই রণবীরের শেষ মুহূর্তের ‘ওয়াকআউট’ মেনে নিতে পারেনি টিম।
ফেডারেশনের নিষেধাজ্ঞার পর অবশেষে রণবীর সিংয়ের মুখপাত্রের তরফে একটি অফিশিয়াল বিবৃতি জারি করা হয়েছে। সেখানে কাদা ছোড়াছুড়ি থেকে দূরে থেকে অভিনেতার পরিণত মানসিকতার পরিচয় দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে -“ডন ৩-কে কেন্দ্র করে সাম্প্রতিক সমস্ত জটিলতার মাঝেও রণবীর সচেতনভাবে নীরব থেকেছেন। তিনি বিশ্বাস করেন যে পেশাদার আলোচনা এবং ব্যক্তিগত সমীকরণ সবসময় মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে সামলানো উচিত।”
রণবীরের এই শান্ত অথচ কড়া মনোভাব এবং মনোজ বাজপেয়ীর মতো সিনিয়র অভিনেতাদের মধ্যস্থতাকারী মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, বলিউড হয়তো এই 'মেগা-ফাইট' আড়ালে মিটিয়ে নিতে চাইছে। তবে ৪৫ কোটির এই আইনি জট এবং ‘গভর্নর’ ছবির ট্রেলার লঞ্চে মনোজের এই বয়ান আগামী দিনে কী মোড় নেয়, সেটাই এখন দেখার।















