টেলিভিশন জগতের পরিচিত মুখ, অভিনেতা রোহিত চন্দেলের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উঠেছে। ১৬ বছরের এক নাবালিকা মেয়েকে উত্যক্ত করা এবং তাকে মারধর করার অপরাধে মুম্বই পুলিশ এই অভিনেতাকে গ্রেফতার করেছে। এই মুহূর্তে অভিনেতাকে দর্শক দেখছেন স্টার প্লাসের হিন্দি ধারাবাহিক 'সৈরাব'-এ। লীনা গাঙ্গুলির প্রযোজনায়, ম্যাজিক মোমেন্টসের ব্যানারে সম্প্রচারিত হয় এই মেগা।
পুলিশ সূত্রের খবর, ওই ১৬ বছরের মেয়েটি এবং তার পরিবারের লোকজনকে অভিনেতা রোহিত আগে থেকেই চিনতেন। অভিযোগ উঠেছে, বেশ কিছুদিন ধরে অভিনেতা নাবালিকার পিছু নিচ্ছিলেন এবং তাকে বিরক্ত করছিলেন। ঘটনার দিন রোহিত জোর করে মেয়েটির রাস্তা আটকান। নিগৃহীতা যখন এর প্রতিবাদ করে, তখন রোহিত রেগে গিয়ে তাকে মারধর এবং হেনস্থা করেন বলে অভিযোগ। এই ঘটনার পর নাবালিকা ভয় না পেয়ে সব কথা তার পরিবারকে জানায়। এরপরই পরিবারের তরফে মুম্বইয়ের গোরেগাঁও থানায় রোহিতের নামে এফআইআর দায়ের করা হয়। অভিযোগকারিনী নাবালিকা হওয়ায় পুলিশ ‘পকসো’ আইন এবং শ্লীলতাহানির ধারায় মামলা রুজু করে। সেই মামলার প্রেক্ষিতে অভিনেতা রোহিত চন্দেলকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাঁকে আদালত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। তাঁর বিরুদ্ধে স্টকিং (পিছু নেওয়ার)-এর অভিযোগ ছিল। সে এখন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছে। তাঁকে কতদিন জেলে থাকতে হবে, তা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। রোহিত তাঁর অপরাধ অস্বীকার করেনি। তিনি স্বীকার করেছেন যে তিনি নাকি শুধুমাত্র মেয়েটির সঙ্গে দেখা করতে যেতেন।
এদিকে, পুরো ঘটনার প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, রোহিতকে কি তাহলে 'সৈরাব'-এ আর দেখা যাবে না? তাঁর বিরুদ্ধে কি প্রযোজনা সংস্থার তরফেও কোনও সিদ্ধান্ত নেওয়া হবে? যদিও এই বিষয়ে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে লীনা গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি মুখ খোলেননি। এদিকে, প্রশ্ন উঠছে বলিউডের ফেডারেশন কি এই বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে? সেটাও এখনও স্পষ্ট নয়।















