‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েলে ভিকি?
বলিউডের অন্যতম কালজয়ী ও আইকনিক সিনেমা ‘থ্রি ইডিয়টস’। এই ছবির সিক্যুয়েল নিয়ে ভক্তদের উন্মাদনা এখন তুঙ্গে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির নতুন ছবিতে যুক্ত হতে পারেন বলিউড অভিনেতা ভিকি কৌশল। সর্বশেষ ২০২৫ সালে ‘ছাবা’ ছবিতে মারাঠা সাম্রাজ্যের দ্বিতীয় শাসক ছত্রপতি সম্ভাজী মহারাজের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ানো এই তারকাকে এবার দেখা যেতে পারে ‘থ্রি ইডিয়টস’-এর চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে। ছবির নির্মাতারা সিক্যুয়েলের গল্পে নতুনত্ব আনতে চতুর্থ এক চরিত্রের কথা ভাবছেন। দশ বছর পর এগিয়ে যাওয়া গল্পে এই চতুর্থ ‘ইডিয়ট’ হিসেবে ভিকি কৌশলকে বিবেচনা করা হচ্ছে।একটি সূত্রের মতে, ভিকি কৌশল আমির খান এবং রাজকুমার হিরানির মতো ব্যক্তিত্বদের সাথে কাজ করার জন্য অত্যন্ত আগ্রহী। তাঁদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে এবং ভিকি মৌখিকভাবে এই চরিত্রে অভিনয়ের জন্য সম্মতি জানিয়েছেন। তবে পুরো কাস্টের শিডিউল মিলিয়ে নেওয়াটাই এখন নির্মাতাদের মূল লক্ষ্য।
ফের সলমনের নায়িকা করিনা?
বলিউডে নতুন চমক! পরিচালক জুটি রাজ ও ডিকে -র সঙ্গে প্রথমবার সুপারহিরো ছবিতে জুটি বাঁধতে চলেছেন ভাইজান সালমান খান। মৈত্রী মুভি মেকার্স -এর প্রযোজনায় তৈরি হতে চলেছে এই বিগ বাজেট ছবিটি। এর আগে কখনোই বড় পর্দায় সুপারহিরো চরিত্রে দেখা যায়নি সলমনকে। আর এই ছবির ফিমেল লিড বা প্রধান নায়িকা চরিত্রের জন্য এখন আলোচনা চলছে করিনা কাপুর খানের সঙ্গে।করিনা যদি এই প্রজেক্টে স্বাক্ষর করেন, তবে এটি হবে সালমান খানের সঙ্গে তাঁর পঞ্চম কাজ। এর আগে এই দুই তারকা 'কিঁউ কি...' (২০০৫), 'ম্যায় অউর মিসেস খান্না' (২০০৯), 'বডিগার্ড' (২০১১) এবং সুপারহিট ছবি 'বজরঙ্গি ভাইজান' (২০১৫)-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন। এছাড়া, 'দাবাং ২' ছবির 'ফেভিকল সে' আইটেম গানেও করিনার উপস্থিতি দর্শকদের দারুণ মন জয় করেছিল। এও শোনা যাচ্ছে, করিনা এই মুহূর্তে নির্মাতাদের সঙ্গে অগ্রিম পর্যায়ে আলোচনা করছেন। যদিও তিনি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেননি, তবে চরিত্রটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত এবং মৌখিকভাবে নিজের আগ্রহের কথা জানিয়েছেন। জানা গেছে, সলমন খান নিজেও ব্যক্তিগতভাবে করিনার সঙ্গে যোগাযোগ করেছেন, যার ফলে আলোচনা আরও দ্রুত এগোচ্ছে।
পিছোল ‘লগ যা গলে’ ছবির শুটিং
নতুন বছরের শুরুতেই টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর এবং লক্ষ্য অভিনীত 'লগ যা গলে' সিনেমার শুটিং শুরু হয়েছিল। পরিচালক রাজ মেহতার পরিকল্পনা অনুযায়ী, এই অ্যাকশন ড্রামাটির শুটিং এই বছরের এপ্রিল মাসের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু এবার সেই পরিকল্পনায় বড় পরিবর্তন এল। করণ জোহর প্রযোজিত রিভেঞ্জ অ্যাকশন ড্রামা 'লাগ যা গলে'-র শুটিংয়ের সময় অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির শুটিংয়ের গতিপ্রকৃতিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং তা একটানা না করে বিরতি দিয়ে শেষ করা হবে। খবর, এই শুটিং পিছোনোর মূল কারণ হিসেবে উঠে এসেছে অভিনেতা লক্ষ্যের লুক-এর পরিবর্তন।















