আহানের নতুন ছবির শুটিং শুরু
‘সাইয়ারা’-র সাফল্য এখনও তাজা। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই নতুন ছবির সেটে হাজির অহন পাণ্ডে। পরিচালক আলি আব্বাস জাফর নিজেই সমাজমাধ্যমে জানালেন, তাঁর নতুন ছবির শুটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ থেকেই।ছবিটি প্রযোজনা করছে যশ রাজ ফিল্মস, যেখানে আহানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন শর্বরী এবং ‘নিশানচি’ খ্যাত ঐশ্বর্য থ্যাকারে। ফলে শুরুতেই ছবিটি ঘিরে কৌতূহল তুঙ্গে।
পরিচালকের পোস্ট করা ছবিতে দেখা যায়, কালো পোশাকে জ্যাকেট পরে দাঁড়িয়ে রয়েছেন আহান ও জাফর। স্টাইলিশ, আত্মবিশ্বাসী এবং স্পষ্টতই অ্যাকশন-ঘরানার আবহে। ছবির সঙ্গে জাফরের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা, “ক্ষমতা কেউ দেয় না...ছিনিয়ে নিতে হয়। শুটিংয়ের জন্য প্রস্তুত।” এই বার্তাই যেন ইঙ্গিত দিচ্ছে ছবির সুর -ক্ষমতা, সংঘর্ষ এবং দখলের গল্প।ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ছবির প্রথম শিডিউল চলছে মুম্বইয়ে। এরপর মে মাসে ইউনিট উড়াল দেবে লন্ডনে, যেখানে শ্যুট হবে বড় মাপের অ্যাকশন সিকোয়েন্স। সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে জোরকদমে।
যশ রাজ ফিল্মসের ‘আলফা’ সিদ্ধান্ত
বলিউডে এখন অন্যতম আলোচিত প্রজেক্ট ‘আলফা’। আলিয়া ভাট এবং শর্বরী অভিনীত এই ছবি হতে চলেছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক ছবি। ফলে ছবিটি নিয়ে দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে।
এর মধ্যেই ছড়িয়ে পড়ে গুঞ্জন, ছবিটি নাকি প্রেক্ষাগৃহ এড়িয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে। সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে এক গুঞ্জন যেখানে শোনা যাচ্ছিল, নেটফ্লিক্স নাকি সরাসরি ডিজিটাল মুক্তির জন্য প্রায় ২১৫ কোটি টাকার বিশাল প্রস্তাব দিয়েছিল নির্মাতাদের।
তবে শেষ পর্যন্ত সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে যশরাজ ফিল্মস। সংস্থার স্পষ্ট বক্তব্য,‘আলফা’ তৈরি হয়েছে বড়পর্দার অভিজ্ঞতার জন্য, এবং সেটিই থাকবে ছবির একমাত্র মুক্তির মাধ্যম।
আরও জানা গিয়েছে, নারী-কেন্দ্রিক বড় মাপের ছবিকে ওটিটিতে পাঠানোর গুজব আসলে ছবির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তাঁর কথায়, যশরাজ ফিল্মস তাদের থিয়েট্রিক্যাল স্লেটের ছবি কখনও সরাসরি স্ট্রিমিংয়ে ছাড়ে না। কারণ সংস্থার বিশ্বাস, দর্শকের জন্য সিনেমা হলের অভিজ্ঞতাই সবথেকে দারুণ।
‘বড়ে সাহাব’ ইমরান?
মুক্তির প্রায় তিন মাস পরেও অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’-এর রেশ কাটেনি। বক্স অফিসে ইতিহাস গড়ার পর ছবিটিকে ঘিরে আলোচনার ঢেউ এখনও তুঙ্গে। সমাজমাধ্যম ভরেছে ফ্যান থিওরি, এডিট ভিডিও আর সিক্যুয়েল নিয়ে অন্তহীন জল্পনায়।
এই আবহেই সামনে এল নতুন মোচড়। শোনা যাচ্ছে, সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ–এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারেইমরান হাশমিকে। যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু গুঞ্জনেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে দর্শক মহলে।
ইতিমধ্যেই জানা গেছে, ছবিতে অতিথি শিল্পী হিসেবে থাকবেন ইয়ামি গৌতম। ফ্ল্যাশব্যাক অংশে ফিরছেন অক্ষয় খান্না। তবে সবচেয়ে বড় রহস্য রয়ে গিয়েছে এক নাম ঘিরে, “বড়ে সাহাব”।
প্রথম ছবিতে বারবার এই নাম উচ্চারণ করতে শোনা গিয়েছিল সঞ্জয় দত্ত অভিনীত এসপি চৌধুরী আসলাম এবং অর্জুন রামপাল অভিনীত আইএসআই মেজর ইকবালকে। এমনকি এক গুরুত্বপূর্ণ দৃশ্যে রণবীর সিং-এর চরিত্রটিকেও দেখা যায় রহমান ডাকাতের পরবর্তী টার্গেট হিসেবে ডায়েরিতে এই নাম লিখে রাখতে। তবু ছবিটি সচেতনভাবেই চরিত্রটির প্রকৃত পরিচয় আড়াল করে রাখে। এবার নতুন এক জল্পনায় দাবি করা হয়েছে, রহস্যময় “বড়ে সাহাব” চরিত্রে নাকি অভিনয় করতে চলেছেন ইমরান হাশমি।এই খবর প্রকাশ্যে আসতেই অনলাইনে উত্তেজনা তুঙ্গে। অনেকেই মনে করছেন, ধূসরচরিত্রে ইমরানের তীব্র উপস্থিতি সিক্যুয়েলকে আরও বড় পরিসরে নিয়ে যেতে পারে।
