‘ধুরন্ধর ২’ জ্বরে ধুঁকছে দেশ

ক্তির এখনও এক সপ্তাহ বাকি, কিন্তু তার আগেই বক্স অফিসে তুমুল উত্তেজনা তৈরি করেছে The Revenge। আগামী ১৯ মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা ছবিটির। তবে তার আগের দিন, অর্থাৎ ১৮ মার্চ সন্ধ্যায় দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে রাখা হয়েছে বিশেষ ‘পেইড প্রিভিউ’ শো। আর সেই শোগুলোর টিকিট বিক্রি হচ্ছে কার্যত ঝড়ের গতিতে।দেশজুড়ে একাধিক মাল্টিপ্লেক্স ইতিমধ্যেই ১৮ মার্চ বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে প্রিভিউ শো শুরু করার পরিকল্পনা করেছে। কোথাও আবার একই সন্ধ্যায় একাধিক শো রাখা হয়েছে দর্শকদের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে। কিন্তু টিকিটের দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে। দেশের প্রধান শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে সাধারণ ফরম্যাটের টিকিটের দামই রাখা হয়েছে প্রায় ৬০০ থেকে ৯০০ টাকার মধ্যে। আর আইম্যাক্স ফরম্যাটের ক্ষেত্রে সেই দাম আরও বেড়ে অনেক জায়গায় ১০০০ টাকার গণ্ডিও পেরিয়ে গেছে বলে খবর। সবচেয়ে বেশি দাম রাখা হয়েছে বিলাসবহুল রিক্লাইনার আসনের জন্য। মুম্বইয়ের বরিভলিতে অবস্থিত একটি প্রেক্ষাগৃহে একটি রিক্লাইনার সিটের দাম নাকি পৌঁছে গেছে ৩১০০ টাকায়। অন্যদিকে দিল্লির জনপ্রিয় প্রেক্ষাগৃহ একই ধরনের আসনের টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২৪০০ টাকায়।অবাক করার মতো বিষয় হল, এত চড়া দাম সত্ত্বেও বেশ কিছু শো ইতিমধ্যেই ‘হাউসফুল’ হয়ে গেছে।

 

কথা রাখলেন না আমির 

মুক্তির সময় একাধিকবার স্পষ্ট করে আমির খান জানিয়েছিলেন, তাঁর 'সিতারে জমিন পর' ছবিটি কোনও ওটিটি প্ল্যাটফর্মে আসবে না। বরং প্রেক্ষাগৃহে চলার পর সরাসরি ইউটিউবেই মুক্তি দেওয়া হবে। কিন্তু সেই সিদ্ধান্তে শেষ পর্যন্ত বদল আনলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট ।

অবশেষে ডিজিটাল মুক্তির পথে হাঁটছে তাঁর বহুল আলোচিত ছবি 'সিতারে জমিন পর'। সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে, ছবিটি শিগগিরই স্ট্রিমিং প্ল্যাটফর্ম সোনি লিভ-এ মুক্তি পাবে।গত বছরের জুন মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল'সিতারে জমিন পর'। প্রায় আট মাস পর এবার সেটিই ডিজিটাল প্ল্যাটফর্মে আসতে চলেছে। ছবির স্ট্রিমিং নিয়ে এতদিন নানা জল্পনা চলছিল, কারণ মুক্তির সময় আমির খান স্পষ্ট জানিয়েছিলেন, এই ছবি প্রচলিত ওটিটি রুটে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসে নতুন সিদ্ধান্ত নিলেন অভিনেতা।স্ট্রিমিং প্ল্যাটফর্মের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, এই মুক্তি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ 'সিতারে জমিন পর'-ই হতে চলেছে এমন প্রথম হিন্দি থিয়েট্রিকাল ছবি, যা সরাসরি সোনি লিভ-এ প্রিমিয়ার হবে।

 

লাহোর আছে লাহোরেই

বলিউডে হঠাৎই জোর জল্পনা -নাকি বদলে যাচ্ছে সানি দেওল-আমির খানের আগামী ছবির নাম! তবে সেই সব গুঞ্জনে এবার সরাসরি জল ঢাললেন প্রযোজক-অভিনেতা আমির খান। স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁদের বহুল প্রতীক্ষিত ছবি লাহোর ১৯৪৭-এর নাম বদলানোর কোনও সিদ্ধান্তই নেওয়া হয়নি।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল একটি জল্পনা—সম্ভাব্য বিতর্ক এড়াতে নাকি ছবিটির নাম বদলে 'বাটোয়ারা ১৯৪৭' করা হতে পারে। সেই খবর দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। কিন্তু সেই দাবি একেবারেই উড়িয়ে দিলেন আমির খান। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে আমির সোজাসাপটা বলেছেন, “এই খবর আপনি কোথায় শুনলেন? না, আমাদের ছবির নাম বদলায়নি। আপাতত ছবির নাম লাহোর ১৯৪৭-ই আছে এবং আমি চাই সেটাই থাকুক।”

উল্লেখ্য, ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি এই পিরিয়ড ড্রামাটি পরিচালনা করছেন বর্ষীয়ান নির্মাতা রাজকুমার সন্তোষী। ছবিটি প্রযোজনা করছে আমির খান প্রোডাকশনস। দেশভাগের আবহে তৈরি এই ছবিকে ঘিরে দর্শকদের প্রত্যাশা ইতিমধ্যেই তুঙ্গে।বর্তমানে পরিকল্পনা অনুযায়ী, লাহোর ১৯৪৭ মুক্তি পাবে ১৩ অগাস্ট ২০২৬-এ-স্বাধীনতা দিবসের ঠিক আগে। ফলে জাতীয় আবেগের আবহে ছবিটি বড়সড় বক্স অফিস লড়াইয়ে নামবে বলেই মনে করছেন সিনেমা মহলের একাংশ।