২০২৪ সালে সময় রায়নার সঙ্গে বিতর্কে জড়ান কুশা কপিলা। এরপরই চরম বিতর্ক এবং কটাক্ষের মুখে পড়ে সময় রায়নার শো 'ইন্ডিয়াস গট লেটেন্ট'। এবার নতুন করে, নতুন অবতারে 'ইন্ডিয়াস গট লেটেন্ট' ফিরতেই অতীতের সব কথা ভুলে তাতে অতিথি হয়ে আসছেন কুশা? ভিডিও ভাইরাল হতেই কী বললেন? 

সম্প্রতি একটি এআই নির্মিত ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি 'ইন্ডিয়াস গট লেটেন্ট ২' -এ এসেছেন। শুধু তাই নয়, তাঁকে সেই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে, তিনি নাকি ব্যক্তিগত ভাবে সময়কে অনুরোধ করেছেন এই শোয়ে তাঁকে ডাকার জন্য। এবার কুশা কপিলা জানালেন ভিডিওটি ভুয়ো। তিনি মোটেই 'ইন্ডিয়াস গট লেটেন্ট ২' -এ আসেননি। আসবেনও না কখনও। কিন্তু কেন? 

এদিন কুশা এই ভাইরাল মিম তথা ভিডিও শেয়ার করে লেখেন, 'আর কত সিডিং করবে? থেমে যাও। আমাকে কি এখন সেই জোকসগুলো বলতে হবে আবারও শুধু নিজের রাগটা বোঝানোর জন্য? আমি এখন আর কোনও পার্টিতে যাই না।' 

২০২৪ সালে সময় রায়না প্রিটি গুড রোস্ট শোয়ে অংশ নেন। আশিষ সোলাঙ্কি পরিচালিত সেই শোয়ে কুশার নাম নিয়ে মশকরা করেন সময়। বলেন, 'কুশার খোসা।' শুধু তাই নয়, তিনি অভিনেত্রীকে 'গোল্ড ডিগার' তকমা দেন। এমনকী তাঁর পোষ্যকে নিয়ে মজা করেন, আর তাতে খোঁচা দেন কুশার সঙ্গে তাঁর প্রাক্তন স্বামী জোরাওয়ার আহলুওয়ালিয়ার বিচ্ছেদের। এই ঘটনার পর চড়ক কটাক্ষের মুখে পড়েন সময়। সেই শোয়ে ছিলেন কুশাও। গোটা ঘটনাটাই তাঁর কাছে অমানবিক, শকিং ছিল বলে দাবি করেন। তিনি জানান সময় আর তিনি ভাল বন্ধু ছিলেন, কিন্তু সেই শোয়ের কোনও স্ক্রিপ্ট তাঁকে আগে দেওয়া হয়নি, কী কী জোকস বলা হবে বলা হয়নি। ফলে তাঁকে উদ্দেশ্য করে কী আসতে চলেছে সেটার আইডিয়া ছিল না তাঁর। 

কুশা জানান তিনি সময় এবং আশিষ, দু'জনকেই ব্লক করে দেন। শুধু তাই নয়, সেই ট্রমা কাটাতে তাঁকে রীতিমত থেরাপি করাতে হয়। লজ্জা ভোলার জন্য এছাড়া তাঁর কাছে আর অন্য কোনও উপায় ছিল না বলেই দাবি করেন অভিনেত্রী। কুশার কথায়, 'আমি সত্যিই মাঝে মধ্যে ভাবি এই রোস্ট আমাকে না সহ্য করতে হলেই ভাল হতো।' 

কিন্তু সেই ঘটনা ভুলে আগামীতে তিনি কি কখনও 'ইন্ডিয়াস গট লেটেন্ট' শোয়ে আসবেন? এই বিষয়ে কুশা বলেন, 'আমি সময়ের বন্ধু নই। আমি কখনই লেটেন্টে যাব না। আমরা একে অন্যের সঙ্গে ইন্টারনেটেও কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। আমি আর কখনও লেটেন্টে যাব না। যেতেও চাই না।'