এবারের দীপাবলি প্রেমে মাখামাখি! আলোর উৎসব আরও কাছাকাছি এনেছে শোভন গঙ্গোপাধ্যায়-সোহিনী সরকারকে। ওদিকে, মুম্বইয়ে সবার চোখের আড়ালে একসঙ্গে উদযাপন করেছেন ক্রুশল আহুজা-অদ্রিজা রায়। অনেক দিন সামাজিক মাধ্যমে তাঁদের ছবি নেই। ফলে, তাঁদের সম্পর্ক নিয়ে তৈরি গুঞ্জনও স্তিমিত। সেই সুযোগই কি কাজে লাগালেন তাঁরা? দু"জনেই বলিউডে। দু"জনেই হিন্দি ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন। সেই সুযোগে দীপাবলিও সাগরপাড়েই কাটিয়ে ফেললেন। এবং ধরাও পড়লেন পাপারাৎজিদের ক্যামেরায়।

উৎসবের রাতের মতোই ঝলমলে গাঢ় নীল পাঞ্জাবিতে উজ্জ্বল নায়ক। নায়িকা নিওন শিফনে অপরূপা। 

এই সাজেই তাঁরা প্রকাশ্যে, ক্যামেরার মুখোমুখি। সেই ছবি যদিও সামাজিক পাতায় ভাগ করে নেননি। কিন্তু ছবিশিকারিদের চোখকেও ফাঁকি দিতে পারেননি। একটি ফ্রেমে ফাঁস, ক্রুশল-অদ্রিজা। পরস্পর মুখোমুখি। ক্রুশল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে তাঁর নায়িকার দিকে। নায়িকা ব্যস্ত নিজস্বী তুলতে। শুধু তাই? এভাবেই নায়িকার সঙ্গে তাঁর বাড়ি সাজিছেন ক্রুশল। প্রদীপের স্নিগ্ধ আলোয় আরও মায়াময় অদ্রিজার সুখী গৃহকোণ। কখনও তিনি দীপ দেখিয়েছেন। কখনও আলোয় সাজানো বারান্দা থেকে আতসবাজির রোশনাইয়ে মুগ্ধ হয়েছেন। রাত বাড়তেই গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছিলেন যুগলে। ছবিতে নেই। কিন্তু অদ্রিজার রিল ভিডিওয় ক্রুশলের ভরাট গলা গমগমিয়ে বেজেছে!

আগে যখন তাঁরা কলকাতায় তখনও একই ভাবে সমস্ত উদযাপন একসঙ্গে পালন করতেন। দোলযাত্রা, পারিবারিক বিয়ে, অবসর বিনোদনে ফ্রেমে বন্দি হতেন। আচমকাই উধাও তাঁরা সামাজিক মাধ্যম থেকে। তখন রটেছিল, তাঁদের নাকি প্রেম ভেঙেছে। কিন্তু নিন্দুকেরা জানিয়েছিল, সবটাই নাকি চর্চা থামানোর জন্য। তারাই যে সঠিক, এবারের দীপাবলি প্রমাণ করে দিল। সেই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে, এভাবেই কি তা হলে দুর্গাপুজোতেও তাঁরা একসঙ্গে কাটিয়েছেন? ব্যস্ততার কারণে নায়িকা যে এবার সাগরপার থেকে গঙ্গাপারে ফিরতে পারেননি।