ধারাবাহিক ও ছবির জগতের পরিচিত মুখ, প্রবীণ অভিনেতা রমাকান্ত দায়ামা প্রয়াত। ২৬ মে সকালে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। সহ-অভিনেতার অকস্মাৎ প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ও অভিনেত্রী শুভাঙ্গী লাতকর।

সোশ্যাল মিডিয়ায় রমাকান্তের একটি পুরনো ভিডিও ভাগ করেছেন শুভাঙ্গী, যেখানে প্রয়াত অভিনেতাকে অন্য তারকাদের সঙ্গে নাচ-গান করতে এবং ফুরফুরে মেজাজে দেখা যাচ্ছে। সেই ভিডিওর সঙ্গেই অভিনেতাকে শ্রদ্ধা জানিয়ে একটি দীর্ঘ ও আবেগঘন বার্তা লিখেছেন তিনি।

তিনি তাঁর পোস্টে লিখেছেন, “আজ আমরা একটা সরল হৃদয়কে হারালাম, আমি সত্যিই ভাষা হারিয়ে ফেলেছি। রমাকান্ত দায়ামা আমার কাছে শুধু একজন প্রিয় বন্ধুই ছিলেন না, তিনি এমন একজন মানুষ ছিলেন যাঁকে আমি মন থেকে ভীষণ শ্রদ্ধা ও সমীহ করতাম। এই মানুষটি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়েও জানতেন কীভাবে উদযাপনে মেতে উঠতে হয়। তিনি একাধারে যেমন সাবলীল নাচ করতেন, তেমনই চমৎকার গাইতেন। একজন দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি আমার একজন দায়িত্বশীল পরামর্শদাতাও ছিলেন, যাঁর প্রতিটি কথার গভীর অর্থ থাকত।”

রমাকান্তের মানসিক দৃঢ়তার কথা উল্লেখ করে শুভাঙ্গী আরও লিখেছেন, “চেহারায় হয়তো তাঁকে ছোটখাটো দেখাত, কিন্তু আমার চেনা মানুষদের মধ্যে তিনি ছিলেন অন্যতম শক্তিশালী এবং সাহসী একজন মানুষ। যদিও আমরা সবাই জানতাম যে তিনি গত বেশ কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন, তাও মনের কোনও এক কোণে আশা শেষ হয়ে যায় না। আমাদের অনেক পরিকল্পনা অধরা রয়ে গেল। কত বছর পর ওঁর সঙ্গে আবার কাজ করার তীব্র ইচ্ছে ছিল আমার। আমরা ঠিক করেছিলাম একসঙ্গে একটা সুন্দর হিন্দি নাটক করব।”

প্রসঙ্গত, প্রবীণ অভিনেতার আকস্মিক চলে যাওয়া বিনোদন জগতে এক বড় শূন্যতার সৃষ্টি করল। তাঁর অনুরাগীরা এবং সহকর্মীরা সকলেই এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ। তবে এখনও পর্যন্ত জানা যায়নি কীভাবে মারা গেলেন তিনি। এখনও পর্যন্ত তাঁর পরিবারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।