সন্তান বড় হওয়ার পর তাকে সম্পর্কের বিষয়ে কী পরামর্শ দেবেন, তা নিয়ে এবার খোলামেলা আলোচনা করলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তিনি চান, তাঁর মেয়ে সারায়াহ যেন না ভাবে যে তাকে কেবল একজনের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। অভিনেত্রী চান তাঁর মেয়ে যেন জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করে। এমনকী সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে নাও চায়, তাতেও তাঁর পূর্ণ সমর্থন থাকবে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা বলেন, “আমি চাই ও যেন একটা পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে ওকে কেবল একজনের সঙ্গেই প্রেম করতে হবে। মানে, কোনও বাধ্যবাধকতা থাকবে না। ওর যদি বিয়ে করতে ইচ্ছে হয় তো করবে, আর যদি না ইচ্ছে হয় তো করবে না।” 

অভিনেত্রী আরও জানান যে, একটা সময় তিনি যাঁর সঙ্গেই ডেট করেছেন, তাঁকেই বিয়ে করবেন বলে ভেবেছিলেন। এই প্রসঙ্গে কিয়ারা বলেন, “জীবন সবসময় তেমনভাবে চলে না। ঈশ্বরকে ধন্যবাদ যে জীবন সেভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জন্য শেষ পর্যন্ত যাঁর হাত বেছে দিয়েছেন তাঁকে নিয়ে আমি অত্যন্ত সুখী। তবে প্রতিটি সম্পর্কই আপনাকে কিছু না কিছু শেখায়। সেগুলোই শেষ পর্যন্ত কাউকে একজন মানুষ হিসেবে গড়ে তোলে।"

কিয়ারা আরও বলেন, “আমি মেয়েকে বলব যে  তুমি কী চাও আর কী চাও না, সেটা নিজে সিদ্ধান্ত নাও। এই পথে চলতে গিয়ে তোমার কিছু ভুলও হতে পারে। তুমি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেবে যা পরে ভাবলে মনে হবে সঠিক ছিল না, কিন্তু আসল বিষয় হল তুমি সেগুলো থেকে কীভাবে শিখছ এবং কী শিক্ষা নিচ্ছ।”

কিয়ারার এই জীবনদর্শন ও মেয়েকে যে শিক্ষা দেওয়ার ভাবনা, তা রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়। 

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৫ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার কোল আলো করে আসে তাঁদের প্রথম কন্যাসন্তান সারায়াহ। তবে তারকা দম্পতি এখনও পর্যন্ত তাঁদের মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি।