বাংলা চলচ্চিত্রে বিশ্বব্যাপী কিংবদন্তি হয়ে আছেন পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক মৃণাল সেন। মৃণাল সেন এমন একজন পরিচালক যাঁর হাত ধরে ভারতীয় চলচ্চিত্র জগতে এক নতুন ধারার প্রবর্তন হয়েছিল। ১৪ মে তাঁর জন্মদিন। মৃণাল সেনের ছবিতে নিম্নবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির সংগ্রাম ফুটে উঠত। মানুষের জীবনের নানা সংকটগুলো পর্দায় তুলে ধরতেন তিনি। তাঁর ছবি 'একদিন প্রতিদিন', 'পদাতিক'-এর হাত ধরে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন কৌশিক সেন। এরপর মৃণাল সেনের 'আমার ভুবন' ছবিতে নায়কের চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
কিংবদন্তি পরিচালকের জন্মদিনে স্মৃতিমেদুর কৌশিক সেন। আজকাল ডট ইন-কে তিনি বলেন, "আমি যখন একদিন প্রতিদিন কিংবা পদাতিকে যখন অভিনয় করেছিলাম, তখন আমার বয়স পাঁচ কি ছয় হবে। এতটুকু বয়সে অভিনয়ের বা ওঁর সঙ্গে কাজের মূল্যায়ন কোনওটাই ঠিক মতো করতে পারিনি। অনেক বড় হয়ে তারপর বুঝেছিলাম।"
কৌশিক সেনের কথায়, "ওঁর মতো পরিচালকের সঙ্গে কাজ সত্যিই খুব বিশেষ হয়ে থাকবে সব সময়। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজের সুযোগ হয়নি আমার। তবে তপন সিনহার সঙ্গে কাজ করেছি, মৃণাল সেনের সঙ্গে কাজ করেছি, এঁদের মতো বড় মাপের পরিচালকদের দেখে একটা জিনিস বুঝেছি, এঁরা নিজের চিন্তা-ভাবনাটাই ছবিতে ফুটিয়ে তোলেন। এত ভাল মনের মানুষ বলেই পর্দায় তাঁদের কাজ মানুষের ভালবাসা পেয়েছে।"
অভিনেতা আরও বলেন, "আমি প্রথমে ওঁর ছবিতে শিশুশিল্পীর চরিত্রে অভিনয় করেছিলাম। তারপর আমার ভুবন ছবিতে আমি নায়ক, আমার সঙ্গে শাশ্বত (শাশ্বত চট্টোপাধ্যায়) ও ছিল। শিশুশিল্পী থেকে নায়কের চরিত্রে কাজ করার সময় উনি যেভাবে আমায় পথ দেখিয়েছেন তা সত্যিই অনস্বীকার্য।"















