এতদিন নিজেকে 'সিঙ্গেল' বলেই দাবি করেছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। কিন্তু এ কী? এক বছর আগে নাকি বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি! প্রকাশ্যে এল তাঁর বিয়ের ছবিও। আর সেই ছবি সমাজমাধ্যমে ফাঁস করলেন পরিচালক কৌশিক গাঙ্গুলি।

পরিচালক সমাজমাধ্যমে অম্বরীশের বিয়ের ছবি পোস্ট করে লিখেছেন, 'এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিলো। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায় তাই এতোদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করবো ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।' (পোস্টের সমস্ত বানান অপরিবর্তিত রাখা হয়েছে।)

কৌশিক গাঙ্গুলির এই পোস্ট ঘিরেই সমাজমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। তবে কি সত্যিই বিয়ে করেছেন অম্বরীশ? যদিও বিষয়টা তেমন নয়। আসলে এই ছবি হল 'আজও অর্ধাঙ্গিনী'র একটি মুহূর্তের। ১০ জুলাই বড়পর্দায় মুক্তি পাচ্ছে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি ও জয়া আহসানের এই ছবি। 'আজও অর্ধাঙ্গিনী'তে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অম্বরীশ। ছবিতে তিনি কৌশিকের ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন। 

এবার গল্পে তাঁর বিয়ে দেখানো হবে। তাই ছবির প্রচারের এক অভিনব উপায় বেছেছেন পরিচালক। অম্বরীশের বিয়ের এই ছবি ঘিরে এখন দেদার আলোচনা চলছে সমাজমাধ্যমে।‌ চুপ থাকেননি অম্বরীশ নিজেও। কৌশিক গাঙ্গুলির পোস্ট নিজে শেয়ার করে লিখেছেন, 'বিয়েটা হয়েই গেল।'