বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে। করণবীর বোহরা এবং তিজে সিধুর দাম্পত্য জীবনে নাকি ফাটল ধরেছে। সম্প্রতি তো এও রটে যায়, তাঁরা নাকি আলাদা হচ্ছেন। বিবাহবিচ্ছেদ ঘটতে চলেছে এই তারকা জুটির। এবার গোটা ঘটনায় মুখ খুললেন খোদ অভিনেতা। জল্পনার আগুনে জল ঢেলে তিজের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে কী জানালেন করণবীর? 

বিগত কয়েক মাস ধরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না করণবীর বোহরা এবং তিজে সিধুকে। তাঁরা একত্রে আর কোনও রকম ছবি বা ভিডিও পোস্ট করছেন না। শুধু তাই নয়, অভিনেতা তাঁর স্ত্রীকে ইনস্টাগ্রামে আনফলো পর্যন্ত করে দিয়েছেন। এই দেখেই দুইয়ে দুইয়ে চার করা শুরু করে নেটপাড়া। অনেকে ধরে নেন, 'অল ইজ নট গুড' তাঁদের মধ্যে। আর সেই জল্পনা আরও উসকে যায়, যখন করণবীরের বাবা চলতি বছরের গোড়ার দিকে মারা যান তখন। সেই কঠিন সময় বরের পাশে দেখা যায়নি তিজেকে। কিন্তু সত্যিই কি আলাদা হচ্ছেন করণবীর বোহরা এবং তিজে সিধু? তাঁদের সম্পর্কে ফাটল ধরেছে? 

এই জল্পনা প্রসঙ্গে এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণবীর সোজাসুজি কোনও উত্তর দেন না। কেবল এটুকু জানান তিনি তাঁর ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতে চান। শুধু তাই নয়, তিনি সকলকে অনুরোধ করেন, তাঁর প্রাইভেসিকে যেন সম্মান জানান, এই বিষয় নিয়ে বেশি কাটাছেঁড়া না করেন। অভিনেতার কথায়, 'এই মুহূর্তে এই বিষয়ে আমি কোনও কথা বলতে চাই না। সম্মান জানিয়েই বলছি, এইটা নিয়ে কোনও আলোচনাই চাই না। আশা করব, মানুষ সেটাকে সম্মান করবেন।' অভিনেতা এদিন এও স্পষ্ট করে দেন, তাঁকে বা তাঁদের নিয়ে যে জল্পনা চলছে সেগুলো তাঁকে ভাবায় না, বা বিব্রত করে না। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, করণবীর বোহরা এবং তিজে সিধু প্রায় ২০ বছর আগে সাত পাকে বাঁধা পড়েন। তাঁদের তিন সন্তান। ২০১৬ সালে জন্ম নেয় তাঁদের যমজ সন্তান, বেলা এবং ভিয়েনা। ২০২০ সালে ভূমিষ্ট হয় তাঁদের ছোট মেয়ে জিয়া। ২০২০ সালেই তিজে তাঁদের তিন মেয়েকে নিয়ে কানাডা চলে গিয়েছেন তাঁদের ভাল শিক্ষা, পরিবেশ দেওয়ার জন্য। তারপর থেকে গত ৬ বছর সেখানেই আছেন তাঁরা। অন্যদিকে করণবীর কখনও এখানে, কখনও কানাডায় সময় কাটাতেন।