বলিউডের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-কে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবার আরও জটিল আকার ধারণ করেছে। স্রেফ মতবিরোধের জেরে ছবি থেকে এক অভিনেতার সরে দাঁড়ানো দিয়ে যা শুরু হয়েছিল, তা এখন রীতিমতো আইনি লড়াই এবং টলিউড-বলিউডের আদর্শগত যুদ্ধে পরিণত হয়েছে। একদিকে ফেডারেশন যেখানে অভিনেতা রণবীর সিং-এর বিরুদ্ধে অসহযোগিতার নোটিশ জারি করে ওনাকে একপ্রকার ‘বয়কট’ করেছে, অন্যদিকে পরিচালক ফারহান আখতার -এর প্রযোজনা সংস্থা কোটি কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে। আর বলিপাড়ার এই হাই-ভোল্টেজ ড্রামা নিয়ে এবার নিজের চেনা মেজাজে বিস্ফোরক মন্তব্য করলেন ‘বলিউড কুইন’ কঙ্গনা রানাউত।
সম্প্রতি ওঁর আগামী ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে কঙ্গনা স্পষ্ট জানান, জীবনে যখনই কারও যোগ্যতা বা প্রতিপত্তি বাড়ে, ওঁর শত্রুর সংখ্যাও ততটাই বৃদ্ধি পায়। ট্রেলার লঞ্চের মঞ্চে ‘ডন ৩’ বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে কঙ্গনা রানাউত হিন্দি ও ইংরেজিতে ওঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বলেন, “এমনটা কখনওই হতে পারে না যে আপনার ক্ষমতা বা মর্যাদা বাড়ছে অথচ আপনার কোনও শত্রু বাড়ছে না। রণবীর সিংয়ের এবার ঠান্ডা মাথায় ভাবা উচিত যে ওঁর ফিল্মি কেরিয়ার বা অবস্থানটা আজ ঠিক কোন উচ্চতায় পৌঁছেছে, যার কারণে ওঁর এত শত্রু তৈরি হয়েছে! এটা আসলে একটা ভাল লক্ষণ। জীবনে যখনই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, আপনার রাস্তায় নানা ধরণের বাধা-বিপত্তি আসবেই। আপনি সবসময় একটা মসৃণ রাস্তা আশা করতে পারেন না। আমার নিজের জীবনেও এমন ঘটনা প্রচুর ঘটেছে। কিন্তু দেখুন, আজ আমি বহাল তবিয়তে কাজ করছি, আমার সিনেমাও চলছে। এসব বিতর্কে কিচ্ছু যায় আসে না। দিনশেষে সবকিছু ঠিক হয়ে যাবে।”
যাঁরা এই বিতর্কের সূত্রপাত জানেন না, তাঁদের জানিয়ে রাখা ভাল— গত ২৫ মে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনেমা এমপ্লয়িজ আচমকা ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের নাটকীয়ভাবে বেরিয়ে যাওয়ার কারণে ওঁর বিরুদ্ধে একটি নন-কোঅপারেশন বা অসহযোগিতার নির্দেশিকা জারি করে। ফেডারেশনের দাবি, ছবি ছাড়ার পর রণবীরকে বারবার সশরীরে হাজির হয়ে নিজের পক্ষ সাফাই করার অনুরোধ জানানো হলেও তিনি তাতে কান দেননি।
পাশাপাশি, ‘ডন ৩’-এর মূল প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্ট -এর কর্ণধার ফারহান আখতার রণবীরের এই আকস্মিক এক্সিট বা ছবি ছেড়ে দেওয়ার কারণে ওঁর কাছে ৪৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। প্রযোজকদের দাবি, ছবিটির প্রি-প্রোডাকশন এবং সেট তৈরির পেছনে ইতিমধ্যেই এই বিপুল পরিমাণ অর্থ খরচ হয়ে গিয়েছিল, যা রণবীরের সিদ্ধান্তের কারণে জলে গেছে।
এই বিপুল অঙ্কের জরিমানা এবং ফেডারেশনের ‘ব্যান’ বা বয়কটের মুখে পড়েও অবশ্য রণবীর সিং নিজে সরাসরি কোনও কাদা ছোঁড়াছুঁড়িতে যাননি। তবে ওঁর মুখপাত্রের তরফ থেকে একটি অফিশিয়াল বিবৃতি জারি করে বলা হয়েছে-“ ‘ডন ৩’-কে কেন্দ্র করে সাম্প্রতিক যা যা ঘটনা ঘটেছে, সেই বিষয়ে রণবীর সচেতনভাবেই নীরবতা বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ওঁর বিশ্বাস, যে কোনও পেশাদারি মতবিরোধ বা ব্যক্তিগত সমীকরণ সবসময় মর্যাদা, পরিপক্কতা এবং পারস্পরিক শ্রদ্ধার সাথে আড়ালে মেটানোই শ্রেয়। তিনি এই বিষয়ে কোনও সস্তা জল্পনা বাড়াতে চান না।”
২০২৬-এর মাঝামাঝি দাঁড়িয়ে বলিউডের এই ‘ডন ৩’ বিতর্ক যে সহজে থামার নয়, তা বলাই বাহুল্য। এখন দেখার, ফারহানের ৪৫ কোটির দাবি এবং ফেডারেশনের এই বয়কট কাটিয়ে কীভাবে নিজের ‘ডন’ সাম্রাজ্য ও স্টারডম পুনরুদ্ধার করেন রণবীর সিং।















