সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

স্বজনপোষণ শব্দটিতে আপত্তি নেই জুনায়েদের! কাজ পাওয়া নিয়ে কী বললেন? 

গত ১ মে মুক্তি পেয়েছে 'এক দিন'। আমির খানের ছেলে জুনায়েদ এই ছবির নায়ক। বক্স অফিসে একদমই সাড়া ফেলতে পারেনি ছবিটি। এবার তার মধ্যেই স্বজনপোষণ নিয়ে মুখ খুললেন জুনায়েদ। জানালেন বাস্তব থেকে তিনি পালাচ্ছেন না, এমনকী তাঁর এই নেপোটিজম শব্দেও কোনও আপত্তি নেই। উল্টে তিনি স্বীকার করে নেন, তাঁর বাবার নাম ডাকের কারণেই তিনি ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা পাচ্ছেন। জুনায়েদ এদিন এও জানান, তাঁর একের পর এক ছবি ফ্লপ করলেও, এত কাজ যে পাচ্ছেন সেটার কারণ স্বজনপোষণ। আমির খানের জন্যই সবটা সম্ভব হচ্ছে। জুনায়েদের কথায়, 'নেপোটিজম শব্দটা আমায় বিরক্ত করে না, কারণ এটা সত্যি। আমি অনেক কাজ পাই, কারণ আমি আমির খানের ছেলে। দুটো ছবি ফ্লপ করার পরও কাজ পাচ্ছি, আপাতত কাজটাই করতে চাই।' 

দিলজিৎকে চাপ দেওয়া হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য! বিস্ফোরক দাবি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মানের

কর্ণলে দিলজিৎ দোসাঁঝের ম্যানেজারের বাড়ির সামনে গুলি ছোঁড়ার পর শিল্পীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু এই গোটা বিষয়ে এবার একটি রাজনৈতিক দিকও যুক্ত হল। সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান দাবি করেছেন দিলজিৎ দোসাঁঝকে চাপ দেওয়া হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'বিগত কিছু ডুব ধরে এটা শোনা যাচ্ছে, দিলজিৎকে চাপ দেওয়া হচ্ছে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য। কিন্তু তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, তিনি একজন শিল্পী, এবং নিজের কাজকে ভালবাসেন। চাপ দেওয়ার আরও অনেক ধরণ আছে, কিন্তু কারও ম্যানেজারের বাড়ির সামনে এভাবে গুলি করা, এটা সঠিক নয়।' এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, দিলজিৎ দোসাঁঝের ম্যানেজার গুরপ্রতাপ সিং কাংয়ের বাড়ির সামনে গুলি ছোঁড়ার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। হরিয়ানা পুলিশ বর্তমানে গোটা কেসের তদন্ত করছে। 


'কিং'য়ের শুটিং শেষ করে মুম্বই ফিরলেন 'হবু মা' দীপিকা

দক্ষিণ আফ্রিকায় শাহরুখ খানের সঙ্গে 'কিং' ছবির শুটিং করছিলেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি এই ছবির সেই আউটডোর শুটিংয়ের শিডিউল শেষ হয়েছে। তারপর বুধবার তিনি মুম্বই ফিরলেন। প্রসঙ্গত, তিনি যখন কিং ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকা উড়ে যান, তখন তাঁর সঙ্গে গিয়েছিলেন রণবীর সিং। যদিও অভিনেতা তারপর ফিরে আসেন, যেহেতু তাঁদের মেয়ে দুয়া এখানেই ছিল। এবার কাজ মিটিয়ে দেশে ফিরলেন দীপিকাও। অভিনেত্রীকে এদিন বিমানবন্দরে ডেনিম শার্ট, প্যান্ট রোদ চশমায় দেখা গেল রাতের বেলায়। এই পোশাকেই তিনি দেশ ছেড়েছিলেন। এদিন বিমানবন্দর ছাড়ার আগে পাপারাজ্জীদের জন্য পোজও দেন অভিনেত্রী। প্রসঙ্গত, 'কিং' ছবির সেট থেকে একাধিক দৃশ্য ভাইরাল হয়েছে ইতিমধ্যেই। কোথাও শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনকে হাত ধরে হাঁটতে দেখা গিয়েছে, কোথাও আবার তাঁদের সমুদ্রের ধারে জমিয়ে রোম্যান্স করতে দেখা গিয়েছে।