গত কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে প্রথম স্থানে জায়গা করে নিচ্ছিল জি বাংলার ধারাবাহিক 'জোয়ার ভাঁটা'। যদিও এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি। তবুও এই মেগার জনপ্রিয়তা একটুও কমেনি। ইতিমধ্যেই নতুন প্রোমো দেখে দর্শকের যেন মাথা ঘুরে গিয়েছে। 

সদ্য প্রকাশ্যে এসেছে 'জোয়ার ভাঁটা'র নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে, নিশা আবারও জালিয়াতির নতুন ছক কষেছে। ভানুকে সঙ্গে নিয়ে একটা গোপন ডেরায় চলছে তাদের জালিয়াতির কাজকর্ম। এদিকে, সেই জায়গার সন্ধান পায় উজি। সে রাতের অন্ধকারে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে যায় সেখানে। এদিকে, নিশাও পালানোর ব্যবস্থা করে রাখে। সে জানতে পারে না উজি সেখানে আসবে। তাই ফোর্স ভিতরে ঢুকতেই ভয়ঙ্কর ব্লাস্ট ঘটায়। 

এদিকে, দেখা যায় দুর্জয় এসব ষড়যন্ত্রের মূলে। উজিকে চিরকালের মতো সরিয়ে ফেলার চেষ্টা সে করেছিল। আর সেই ফাঁদে পা দিয়েছে নিশা। পুরো ঘটনা জানতে পেরে অফিসার জিৎ বসু নিশাকে গ্রেফতার করতে আসে। উজির খুনের দায়ে নিশাকে অপমান করে ঋষিও। কিন্তু নিশা নিজের অজান্তেই বোনকে মেরে ফেলেছে, সেটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সত্যিই কি উজি মারা গিয়েছে? নাকি এটাও জিৎ বসুর কোনও নতুন চাল? কী হবে নিশার ভবিষ্যৎ? উত্তরের অপেক্ষায় দর্শক মহল।

কিছুদিন আগেই জিতের সঙ্গে নিশার বিয়ের দিন তাকে গ্রেফতার করে জিৎ। ভালবাসার মুখোশের আড়ালে তার বিরুদ্ধে যে এত বড় ষড়যন্ত্র চলছে তা বুঝতে পারেনি নিশা। তাই জেলে যাওয়ার আগে সে শপথ করে সে ফিরে আসবে একেবারে অন্য রূপে। আর রেগে গিয়ে বোন উজির সঙ্গেও সে সব সম্পর্ক ত্যাগ করে।‌ কিন্তু বোনের ক্ষতি সে কখনও চায় না। তবে কি অজান্তেই বিরাট ভুল হয়ে গেল নিশার। ধারাবাহিকের এই টানটান উত্তেজনাপূর্ণ পর্ব দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা।