টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

'বিবি নং ১'-এর ২৭ বছর পূর্তি 

বাবা বাসু ভগনানির আইনি বিতর্কের মাঝেই ‘বিবি নং ১’-এর ২৭ বছর পূর্তি উদযাপন করলেন প্রযোজক জ্যাকি ভগনানি। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ছোটবেলায় সেটে দৌড়ে বেড়ানোর স্মৃতি আজও তাঁর মনে অমলিন। ডেভিড ধাওয়ান ও বাসু ভগনানির তৈরি “ম্যাজিক আর বিশৃঙ্খলা” কাছ থেকে দেখেছিলেন তিনি। ১৯৯৯ সালের এই জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন সালমান খান, করিশ্মা কাপুর, সুস্মিতা সেন, অনিল কাপুর ও তাবু। জ্যাকি প্রত্যেকের অভিনয়ের প্রশংসা করে ছবিটিকে “খাঁটি সোনা” বলে উল্লেখ করেছেন।

কীর্তি কুলহারির বিতর্কিত মন্তব্য 

অভিনেত্রী কীর্তি কুলহারির একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, নতুন বাড়িতে ওঠার পর গৃহকর্মীর বেতন শুনে তিনি অবাক হয়ে যান। কির্তির দাবি, মাত্র দু’ঘণ্টার কাজের জন্য গৃহকর্মী মাসে ১০ হাজার টাকা চাইছিলেন। সেই মন্তব্য ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ অভিনেত্রীকে কটাক্ষ করতে শুরু করেন। অনেকেই বলেন, মুম্বইয়ের মতো শহরে এত কাজের জন্য এই পারিশ্রমিক খুবই স্বাভাবিক। বিতর্কে যোগ দেন টিভি সঞ্চালিকা মিনি মাথুরও। তিনি লেখেন, “ওই দু’ঘণ্টার কাজই আমাদের আরও বেশি রোজগার করতে সাহায্য করে। বিশ্বের অনেক জায়গার তুলনায় এই বেতন খুবই কম।” এই ঘটনা ফের গৃহকর্মীদের ন্যায্য পারিশ্রমিক নিয়ে নতুন আলোচনা শুরু করেছে।

বিজয়ের জয় নিয়ে শিবকুমারের মন্তব্য 

তামিল সুপারস্টার সূরিয়ার বাবা তথা প্রবীণ অভিনেতা শিবকুমারের এক মন্তব্য ঘিরে এখন জোর চর্চা শুরু হয়েছে। সম্প্রতি বিজয়ের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়া নিয়ে প্রশ্ন করা হলে শিবকুমার বলেন, “মানুষ কোনও টাকা না নিয়েই ওকে ভোট দিয়েছে।” তাঁর মতে, মানুষের পরিবর্তনের ইচ্ছেই বিজয়ের ঐতিহাসিক জয়ের মূল কারণ। শিবকুমার আরও বলেন, "অতীতে কামারাজের মতো নেতারাও সাধারণ মানুষের সমর্থনেই ক্ষমতায় এসেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, সততা ও মানুষের আস্থা থাকলে রাজনৈতিক সাফল্য আসবেই। উল্লেখ্য, অভিনেতা বিজয়ের দল টিভিকে ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করেছে। বিজয়ের এই রাজনৈতিক উত্থান এখন গোটা দেশের আলোচনার কেন্দ্রবিন্দু।"