২০০১ সালে মুক্তি পাওয়া কাল্ট ক্লাসিক ছবি ‘লগান’-এর ২৫ বছর পর আবারও রূপোলী পর্দায় ইতিহাস তৈরি করতে একসঙ্গে ফিরছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান এবং পরিচালক আশুতোষ গোয়ারিকর। ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি অধিনায়ক লালা অমরনাথ -এর জীবনীর ওপর ভিত্তি করে তৈরি হতে চলা একটি স্পোর্টস-বায়োপিক দিয়ে এই ব্লকবাস্টার জুটি কামব্যাক করছে, যা প্রথমবার গত ৮ মে প্রকাশ্যে এসেছিল । দেশভাগ ও ক্রিকেটের প্রেক্ষাপটে তৈরি এই আবেগঘন ছবিতে এবার যুক্ত হতে চলেছে আরও এক মস্ত বড় নাম।
জানা গিয়েছে, এই হাই-প্রোফাইল প্রজেক্টে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা-পরিচালক ফারহান আখতার -এর সাথে কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, এই ছবিতে খোদ লালা অমরনাথের নামভূমিকায় অভিনয় করছেন আমির খান। আর ফারহান আখতারকে প্রস্তাব দেওয়া হয়েছে লালা অমরনাথের সবচেয়ে প্রিয় বন্ধুর চরিত্রের জন্য। এই চরিত্রটির এক ট্রাজিক ব্যাকগ্রাউন্ড রয়েছে— দেশভাগের আগে যিনি অবিভক্ত ভারতের বাসিন্দা ছিলেন, কিন্তু দেশভাগের পর তাঁকে পাকিস্তানের নাগরিক হতে হয়।
ছবির ভেতরের খবর শেয়ার করে একটি সূত্র জানিয়েছে, “আমির খান ছবিতে লালা অমরনাথের চরিত্রে অভিনয় করছেন। এই ছবিটি মূলত ক্রিকেট এবং দেশভাগের প্রেক্ষাপটে তৈরি দুই বন্ধুর বন্ধুত্বের এক অসামান্য গল্প। ফারহান আখতারের সাথে ওঁর পরম বন্ধুর চরিত্রের জন্য কথা চলছে। দেশভাগের ফলে দুই বন্ধুর সম্পর্কের মধ্যে যে মানসিক ও আবেগঘন টানাপোড়েন তৈরি হয়, সেটাই এই সিনেমার মূল প্রাণ।”
এই ছবির গল্প লিখেছেন বলিউডের মাস্টারমেকার রাজকুমার হিরানি। শুধু গল্পই নয়, চিত্রনাট্য তৈরির ক্ষেত্রেও হিরানি এবং ওঁর বিশ্বস্ত লেখক অভিজাত জোশী একসঙ্গে কাজ করছেন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছেন আমির খান প্রোডাকশনস, এক্সেল এন্টারটেইনমেন্ট (ফারহান আখতারের নিজস্ব সংস্থা) এবং রাজকুমার হিরানি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের অক্টোবর মাস থেকে এই ছবির শুটিং শুরু হবে এবং একটিমাত্র টানা শিডিউলেই পুরো কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
নতুন প্রজন্মের পাঠকদের সুবিধার্থে জানিয়ে রাখা ভালো, লালা অমরনাথ ছিলেন স্বাধীন ভারতের প্রথম ক্রিকেট অধিনায়ক। ওঁর নেতৃত্বেই ১৯৫২ সালে পাকিস্তান ক্রিকেট দলের বিরুদ্ধে ভারত তাদের প্রথম টেস্ট সিরিজ জয়ের ঐতিহাসিক গৌরব অর্জন করেছিল। ২০০০ সালের ৫ই আগস্ট ৮৮ বছর বয়সে এই কিংবদন্তি ক্রিকেটার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ‘লগান’-এর ২৫ বছর পূর্তিতে আমির-আশুতোষের এই ছবির হাত ধরে ওঁর সেই ক্রিকেটীয় সংগ্রাম ও দেশভাগের অধ্যায় আবারও বড়পর্দায় জীবন্ত হয়ে উঠতে চলেছে।
আশুতোষ গোয়ারিকরের এই মেগা স্পোর্টস-ড্রামা ছাড়াও ২০২৬-২৭ সালে আমির খানকে আরও বেশ কয়েকটি বড় প্রজেক্টে দেখা যেতে চলেছে। এর মধ্যে রয়েছে পরিচালক রাহুল মোদীর একটি স্টার্ট-আপ ভিত্তিক ড্রামা এবং দর্শকদের দীর্ঘদিনের দাবি মেনে রাজকুমার হিরানি পরিচালিত আইকনিক ছবি ‘৩ ইডিয়টস’-এর সিক্যুয়েল ‘৪ ইডিয়টস’ । তবে ‘লগান’ জুটির এই ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং সাথে ফারহান আখতারের সংযোজন— এই ছবিটিকে ইতিমধ্যেই ২০২৬ সালের অন্যতম চর্চিত প্রজেক্টে পরিণত করেছে।















