'মহাগুরু' মিঠুন চক্রবর্তীর পরিবারে এখন উৎসবের আমেজ। অভিনেতার কন্যা দিশানী চক্রবর্তী সম্প্রতি তাঁর দীর্ঘদিনের প্রেমিক মাইলস ম্যান্টজারিসের সঙ্গে বাগদান সেরেছেন। সোশ্যাল মিডিয়ায় এই খুশির খবর ভাগ করার পরই দিশানির পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে চর্চা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিশানী বেশ কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, মাইলস ম্যান্টজারিস হাঁটু গেড়ে বসে দিশানীকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। অন্য একটি ছবিতে দিশানীকে তাঁর বাগদানের আংটিটি লাজুক হেসে দেখাতে দেখা গিয়েছে। শেষ ছবিতে একে অপরের ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে। এই বিশেষ মুহূর্তের ছবিগুলো শেয়ার করে দিশানী ক্যাপশনে লিখেছেন, '০৬.১২.২০২৬, আমার জীবনের সবচেয়ে সহজ চিরস্থায়ী সিদ্ধান্ত।' অর্থাৎ, এই দম্পতি আগামী ৬ ডিসেম্বর, ২০২৬ সালে বিয়ে করতে চলেছেন।
উল্লেখ্য, মাইলস ম্যান্টজারিস পেশায় একজন স্টেডিক্যাম অপারেটর এবং কালারিস্ট। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের সম্পর্ক ছিল, যা এখন নতুন মোড় নিল। দিশানী মিঠুন চক্রবর্তী এবং যোগিতা বালির দত্তক নেওয়া কন্যা। বড়পর্দার চাকচিক্য থেকে দূরে থাকলেও, দিশানী অভিনয়ের প্রতি নিজের ঝোঁক বজায় রেখেছেন। তিনি নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমি থেকে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন এবং হলিউডের বেশ কিছু শর্ট ফিল্মেও কাজ করেছেন।
মিঠুন চক্রবর্তীর পরিবারে এই সুখবরটি আসার পর থেকেই দিশানী ও মাইলসকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। অনুরাগী থেকে শুরু করে পরিচিত মহল—সকলেই এই নতুন পথচলার জন্য তাঁদের আগাম শুভকামনা জানিয়েছেন। স্বাভাবিকভাবেই, এই তারকা-কন্যার বিয়েতে কে কে উপস্থিত থাকবেন, তা নিয়ে কৌতুহল বাড়ছে নেটিজেনদের মধ্যে।















