সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC) অবশেষে 'ওয়েলকাম টু দ্য জাঙ্গল' (Welcome The Jungle) ছবিটিকে U/A 16+ সার্টিফিকেট দিয়েছে। তবে ছাড়পত্র পাওয়ার আগে ছবিতে সংলাপ ও দৃশ্য দুই ক্ষেত্রেই বেশ কিছু পরিবর্তন করতে হয়েছে।
শুধু সংলাপ নয়, দৃশ্যের ক্ষেত্রেও CBFC বেশ কিছু কাটের নির্দেশ দিয়েছে। বিকিনি পরা দৃশ্য, মহিলাদের শরীরের কিছু অংশের ক্লোজ-আপ এবং বারবার করা হিপ মুভমেন্টের নাচের দৃশ্য কেটে দেওয়া বা বদলে দেওয়া হয়েছে। দিশা পাটানি এবং জ্যাকলিন ফার্নান্ডেজ-এর কিছু অন্তরঙ্গ দৃশ্য চূড়ান্ত সংস্করণ থেকে বাদ পড়েছে। একটি অশালীন হাতের ইশারা থাকা দৃশ্যও সরিয়ে নতুন দৃশ্য বসানো হয়েছে। মোট ১৮টি কাট-এর পর ছবিটি মুক্তির অনুমোদন পেয়েছে। এর ফলে একাধিক দৃশ্যে পরিবর্তন এসেছে।
এই সব পরিবর্তনের পর ছবিটির চূড়ান্ত দৈর্ঘ্য হয়েছে ১৬৪ মিনিট ৫০ সেকেন্ড, অর্থাৎ প্রায় ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫০ সেকেন্ড। রাজনৈতিক সংবেদনশীলতা ও অশালীন ভাষা নিয়ে আপত্তির কারণে বেশ কিছু সংলাপ বদলানো এবং বাদ দেওয়া হয়েছে। ছবির একটি সংলাপে থাকা 'পানি অফ কাশ্মীর' (Paani of Kashmir) শব্দবন্ধ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এছাড়াও 'দেশ কি টাট্টি'(desh ki tatti) কথাটিও সরিয়ে দেওয়া হয়েছে। সেনাবাহিনী সংক্রান্ত কিছু শব্দেও পরিবর্তন আনা হয়েছে। যেমন গোর্খা রেজিমেন্ট বদলে করা হয়েছে তুম আর্মি সে হো? এবং ছবিজুড়ে থাকা জেনারেল শব্দটি পরিবর্তন করে অফিসার বা স্যর করা হয়েছে।
কয়েকটি কমেডি সংলাপও বদল করা হয়েছে। এছাড়াও 'অন্ধ' শব্দটি বদলে “ঢিলা” করা হয়েছে। আজহারউদ্দীন নাম পরিবর্তন করে করা হয়েছে আলাউদ্দিন। পাশাপাশি একটি ১০ সেকেন্ডের দৃশ্য বাদ দেওয়া হয়েছে।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ২৬ জুন, ২০২৬। ছবিটি পরিচালনা করেছেন আহমেদ খান। এই ছবিতেও থাকবে হাস্যরস, বিশৃঙ্খলা এবং ভুল বোঝাবুঝির মজার কাহিনি। ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকলিন, দিশা পাটানি,।লারা দত্ত, রবীনা ট্যান্ডন, পরেশ রাওয়াল, উর্বশী রাউতেলা, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর সহ অনেকে৷















