একটু একটু করে পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছেন আলিয়া ভাট। তাঁকে ছেড়ে নীতু সিং কোনও কিছুই যেন ভাবতে পারছেন না। শাশুড়ি-বৌমার এই সম্পর্ক নজর এড়ায়নি বলিউডেরও। তাই নিয়ে আড়ালে চর্চাও চলে। সেই চর্চায় নতুন ইন্ধন একটি ছবি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কাপুর পরিবারের একটি ছবি। যা দেখে ইন্ডাস্ট্রির অনুমান, নীতু-আলিয়া একসঙ্গে কুমারী পুজো করেছেন।
নবরাত্রির অন্যতম অঙ্গ কুমারী পুজো বা কন্যা পুজো। সম্ভবত তাঁরা তারই আয়োজন করেছিলেন নিজেদের বাড়িতে। পুজোর পরে একদল কুমারীদের নিয়ে ছবি তুলেছেন তাঁরা। তাঁদের কপালে পুজোর তিলক। নতুন পোশাক পরা। মুখচোখ দেখেই মনে হচ্ছে, তারা খুব খুশি। তৃপ্ত শাশুড়ি-বৌমাও। বিশেষ দিনে আলিয়া সেজেছিলেন সাদা কুর্তায়। রূপটান ছাড়াই রূপসী তিনি। নীতুও সুন্দরী রানিরঙা কুর্তায়।
অষ্টমী এবং নবমীতে এই পুজো উদযাপিত হয়। শুধু এই একটি উৎসব নয়, যে কোনও অনুষ্ঠানেই কাপুর পরিবারের সঙ্গে মিলেমিশে আনন্দে মেতে উঠছেন। অনুরাগীরা তাই রণবীর-আলিয়ার মেয়ে রাহার জন্মদিনের দিকে তাকিয়ে। তাঁদের আশা, এদিনটাও পরিবারের সবাইকে নিয়েই মেতে উঠবেন তাঁরা।  


এদিকে, একরত্তি সন্তানের মুখ চেয়ে নিজেকে বদলে ফেলছেন রণবীর কাপুর! মেয়ে রাহার জন্য নাকি মদ, সিগারেট, আমিষ খাবার ছেড়ে দিচ্ছেন! এখানেই শেষ নয়। মেয়ের মুখ চেয়ে নিয়মিত শরীরচর্চা, ধ্যান করছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এখবর দিয়েছেন নিজেই। ভাইরাল সেই সাক্ষাৎকার দেখে অনুরাগীদের দাবি, নিজের জীবন থেকে নাকি শিক্ষা নিয়েছেন তিনি। ঋষি কাপুর 'ভাল বাবা' হয়ে পারেননি অতিরিক্ত আসক্তির কারণেই। বলিউডের ‘ক্যাসানোভা’ সেই পথে হাঁটতে রাজি নন। তাই নিজেকে আমূল বদলে ফেলছেন।
?ref_src=twsrc%5Etfw">October 30, 2023