সদ্যই শুরু হয়েছে 'সাত পাকে বাঁধা'। জি বাংলার পর্দায় উচ্চবিত্ত পরিবারের মেয়ে এবং নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলের সম্পর্কের কথা ফুটে উঠবে এই গল্পে। 'সাত পাকে বাঁধা' শুরু হওয়ার মাত্র সপ্তাহখানেকের মধ্যেই এন্ট্রি নিচ্ছে নতুন নায়ক। কে শুভ এবং শাওনের মাঝে দূরত্ব বাড়াতে আসছেন?
সদ্যই 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে শাওনের বাবা অসুস্থ। তিনি নিজে আর এত বড় ব্যবসার দায়িত্ব সামলানোর জোর পাচ্ছেন না। এই কথা শুনে শিক্ষামন্ত্রী ওরফে শাওনের বাবার দিদি ভাবেন এটাই সুযোগ সবটা নিজের মতো চালানোর লাইসেন্স পাওয়ার। কিন্তু তিনি ভাবেন এক, আর ঘটে আরেক। শাওনের বাবা এই দায়িত্ব দেন শুভকে। এতে নায়ক, নায়িকা খুশি হলেও, খুশি হয় না শাসনেরর পিসি। সে ফোন করে শীঘ্রই সেই বাড়িতে আসার নির্দেশ দেয়।
এরপরই দেখা যায় শাওনদের বাড়ির সামনে একটি গাড়ি এসে থামল। আর সেখান থেকে নামছে একজন। এই চরিত্রই এবার শুভ এবং শাওনের জীবনে ঝড় তুলতে আসছে। এই চরিত্রে দেখা যাবে সায়ন্তন সরকারকে। ফলে নায়ক বা ইতিবাচক চরিত্রে নয়, নেতিবাচক চরিত্রে দেখা যাবে। কিন্তু এই ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম কী হবে, শাওনের পিসির সঙ্গে তাঁর কী সম্পর্ক দেখানো হবে সেটা এখনও স্পষ্ট নয়।
এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সায়ন্তন সরকারকে দর্শক সম্প্রতি 'কনে দেখা আলো' ধারাবাহিকে দেখেছেন। সেখানে তিনি বনলতার প্রেমিকের চরিত্রে অভিনয় করছিলেন। এবার তাঁকে দেখা যাবে 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকে। এই ধারাবাহিকে বর্তমানে দেখানো হচ্ছে শুভ এবং শাওনের একে অন্যের প্রতি নির্ভরতা ভালোবাসা বাড়ছে। এমন অবস্থায় তৃতীয় ব্যক্তির আগমনের ফলে কী ঘটে সেটাই দেখার।
'সাত পাকে বাঁধা' ধারাবাহিকের এই টানটান পর্বটি দু'দিন ধরে দেখানো হবে। আগামী ২৭ থেকে ২৮ মার্চ দেখা যাবে এই পর্ব। 'সাত পাকে বাঁধা' ধারাবাহিকটি বিকেল সাড়ে পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। মুখ্য ভূমিকায় আছেন রাহুল মজুমদার, নবাগতা সম্পূর্ণা রক্ষিত। ধারাবাহিকে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাচ্ছে দেবদূত ঘোষ, চান্দ্রেয়ী ঘোষ প্রমুখকে।
