আজকাল ওয়েবডেস্ক – খুব অল্প সময়ের জন্যই রণবীর সিংয়ের সঙ্গে পর্দা ভাগ করার সুযোগ পেয়েছিলেন। এই সুযোগ অনেকটা স্বপ্নের মতো ছিল তাঁর কাছে। একটাই দৃশ্য। একদম শেষ দৃশ্য। হামজা ওরফে জ্যাসকৃত সিং রঙ্গীকে অটোতে করে তাঁর বাড়ির সামনে পৌঁছে দিচ্ছেন এক অটোচালক। এই অটোচালকের ভুমিকায় অভিনয় করেছেন হরজিৎ।
আদিত্য ধরের ছবিতে অভিনয়, রণবীর সিংয়ের সঙ্গে পর্দাভাগ, সব কিছুই হরজিতের কাছে ছিল স্বপ্নের মতো। সেই স্বপ্ন সত্যিও হল। সদ্যই মুক্তি পেয়েছে 'ধুরন্ধর-দ্য রিভেঞ্জ'। পর্দায় জ্বলজ্বল করছেন অটোচালক হরজিৎ। কিন্তু নিজেকেই বড়পর্দায় দেখা হল না তাঁর। কিন্তু কেন? ‘ধুরন্ধর ২’ ছবিটি বক্স অফিসে কোটি কোটি টাকা আয় করছে, কিন্তু চাহিদা বলুন, বা ছবির ক্রেজ, মুক্তির এক সপ্তাহ পরেও এই ছবির টিকিটের দাম আকাশছোঁয়া। পরিবারকে নিয়ে এই ছবি দেখতে যে টাকা খরচ হবে, তা ব্যয় করার সামর্থ্য নেই হরজিতের। তাই ‘অধরা মাধুরী’। এত দাম দিয়ে টিকিট কেটে ছবি দেখা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি সংবাদমাধ্যমকে এটাও জানান, পুরো পরিবারকে সিনেমা দেখাতে নিয়ে গেলে প্রায় ২৫০০ টাকা খরচ হবে, যা তাঁর মাসিক আয়ের সমান। ফলে হরজিৎ এখন দিন গুনছেন টিকিটের দাম কমার।
আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ মুক্তি পায় ৫ ডিসেম্বর ২০২৫। এই ছবির প্রধান চরিত্রে রণবীর সিং, অক্ষয় খান্না, আর মাধবন, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, সারা অর্জুনকে দেখা গিয়েছিল। বক্স অফিসে ঝড় তো তুলেইছিল ছবিটি, পাশাপাশি দর্শক থেকে সমালোচক সকলের নজর কেড়েছিল। সেই থেকেই সকলে অপেক্ষায় ছিলেন যে কবে মুক্তি পাবে ধুরন্ধর দ্য রিভেঞ্জ।
এরপর অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ১৯ মার্চ ২০২৬ মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। তিন ঘণ্টা ৪৯ মিনিটের ছবি হলে কী হবে, মানুষের উন্মাদনা দেখার মতো এটিকে নিয়ে। মুক্তি পেতে না পেতেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। বছরের অন্যতম সেরা স্পাই থ্রিলারের তকমাও জুটে গিয়েছে এরই মধ্যে। 'ধুরন্ধর দ্য রিভেঞ্জ' মুক্তি পাওয়ার পর এখনও এক সপ্তাহ কাটেনি, এরই মধ্যে আদিত্য ধর পরিচালিত এই ছবিটির আয় হাজার কোটির দোরগোড়ায় কড়া নাড়ছে।
আদিত্য ধর পরিচালিত এই ছবিটির দ্বিতীয় ভাগে উঠে এসেছে হামজা ওরফে জ্যাসকৃত সিং রঙ্গীর অতীত জীবনের কথা। ছবিটির প্রযোজনা করেছেন লোকেশ ধর।
