গত জানুয়ারিতে ফেসবুক লাইভে এসে স্বামী, শ্বশুর বাড়ির নামে অভিযোগ করে, শো থেকে ফেরার পথে ঘুমের ওষুধ খেয়ে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন গায়িকা দেবলীনা নন্দী। যদিও বর্তমানে তিনি সুস্থ আছেন। পিজি হাসপাতাল তথা এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন গায়িকা। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই নতুনভাবে কাজে ফিরেছেন তিনি। ক'দিন আগেই শো করেছেন দেবলীনা। তাঁকে আবার পুরনো ছন্দে ফিরতে দেখে দারুণ খুশি অনুরাগীরা। তবে এবার আবার একটি ফেসবুক পোস্ট করেছেন তিনি, যেখানে সরাসরি নাম না উল্লেখ করলেও তিনি ইঙ্গিত দিয়েছেন ব্লগার সায়ক চক্রবর্তীর দিকেই।
এর আগেও ফেসবুক লাইভে সায়কের নাম তুলে আগেও বিবৃতি দিয়েছেন দেবলীনা। ফেসবুক লাইভে দেবলীনা জানিয়েছিলেন, তিনি ৪ পাতা ঘুমের ওষুধ খান। তারপর সেই পাতাগুলোর ছবি অভিনেতা সায়ক চক্রবর্তীকে পাঠান। তখন সায়ক একে তাঁকে ফোনাফুনি করে সাঁতরাগাছির একটি হাসপাতালে ওঁকে ভর্তি করানোর ব্যবস্থা করেন। ফলে যাঁরা সায়ককে কটাক্ষ করছেন ঘর ভাঙানি বলে তাঁদেরও পাল্টা জবাব দেন দেবলীনা। তিনি সাফ সাফ বলেন, "সায়ক আমার ভাল বন্ধু। ভীষণই ভাল বন্ধু। ওকে ভাই বলে ডাকি। প্রবাহ কোনও দিন আমার চরিত্র নিয়ে সন্দেহ করেনি। কিন্তু কিছু মানুষ সেটা করছ। সায়ককে টানছ, তারা এটা করো না। ও দায়িত্ব নিয়ে আমাকে বাঁচানোর জন্য একে তাকে ফোন করে। এরপর থেকে ও আর কাউকে বাঁচাবে না। ভয় পাবে।”
অন্যদিকে, সমাজমাধ্যম খুললেই এখন একটাই নাম চোখে পড়ছে সায়ক চক্রবর্তী। অভিনেতা তথা ইনফ্লুয়েন্সার সম্প্রতি ফেসবুকের পাতায় একটি লাইভ করে জানান কলকাতার একটি জনপ্রিয় পানশালায় তিনি এবং তাঁর কিছু বন্ধুরা গেলে তাঁদের গোমাংস খেতে দেওয়া হয়, যখন তাঁরা মাটন স্টেক অর্ডার করেছিলেন। এই ঘটনার পর হইহই রইরই পড়ে যায়। গ্রেফতার হন বেয়ারা। এদিন জামিন পেলেন তিনি। সেই গোমাংস কাণ্ডের আবহে সায়কের নাম না তুলে মুখ খুললেন দেবলীনা। তাঁর সাফ বার্তা - “চুপ থাকলেও সমস্যা, বললেও সমস্যা। আমি কাউকে সাপোর্ট করছি কি না তার জবাব সবাইকে দিতে হবে কেন? বন্ধুত্বের সম্পর্ককে সহজেই নোংরা নাম দেওয়া হচ্ছে। আমি আমার পরিবার, বন্ধু আর কাজ নিয়ে ভালো থাকতে চাই। আমাকে একটু ভালো থাকতে দিন।”
ফেসবুকের পাতায় দেবলীনা লিখলেন, “কোথায় যাব আমি?
নিজের সমস্যা শেষ হচ্ছে না
এদিকে আমি চুপ থাকলেও সমস্যা আবার বললেও সমস্যা
আমি কাউক সাপোর্ট করছি কি করছি না এর উত্তর টা কেন সবাইকে দেবো? আর অনেক বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে যে ফেসবুক এ সব কিছু শেয়ার করতে নেই
সেটাই তো মানছি
বাকি আমি কি করছি না করছি সময় মতো এমনি তে সবাই জানতেই পারবে,
সবাই সুযোগ কনটেন্ট বানাচ্ছে আগেও বানিয়েছে কিন্তু সব পরিস্থিতি তে দোষ আমার বা আমাদের
বন্ধুত্বের সম্পর্ক কে সহজে নোংরা নাম দিয়ে চলে যাচ্ছে
মুখ থেকে যাকে ভাই বলে সম্মোধন করি তাঁকে bro zone এই রাখি
আজ এই টুকু বুঝে গেছি যে মুখ খুললেও দোষ ধরবে কেউ না কেউ আবার মুখ না খুললেও বেইমান বলবেই
ঠিক আছে তাই আমি ঠিক করেছি মুখে বলে কিছু হবে না সময়ে যেটা সামনে আসার ঠিক আসবে
অযথা আমাকে কেউ আর নতুন ট্যাগ দেবেন না
কারণ আমি আমার বন্ধু,পরিবার,আমার কাজ নিয়ে ভালো থাকার চেষ্টা করছি
আমাকে একটু ভালো থাকতে দিন।”
(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)
অন্যদিকে, রাণা সরকারের প্রযোজনায় আসন্ন ছবি ‘গুনগুন করে মহুয়া’য় কণ্ঠ দেবেন দেবলীনা। এই খবরের ইঙ্গিত নিজেই সমাজমাধ্যমে দিয়েছেন রাণা সরকার। এই পোস্ট দেখে দেবলীনাকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। 'গুনগুন করে মহুয়া' ছবিতে প্রয়াত অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। ইতিমধ্যেই পর্দায় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য চলছে তাঁর ওয়ার্কশপ। এদিন রাণা সরকারের পোস্টে দেখা গেল অঙ্কিতার পাশে দাঁড়িয়ে দেবলীনা। তাই নেটিজেনদের আর বুঝতে বাকি থাকেনি পুরো বিষয়টা।
