সংবাদসংস্থা মুম্বই: কেরিয়ারে তিন দশক পেরিয়েও এখনও জনপ্রিয়তা অটুট শাহরুখ খান এবং আমির খানের। অনেক সময় বক্স অফিসে তাঁদের ছবি মুখ থুবড়ে পড়লেও ভাঁটা পড়েনি এই দুই তারকার জনপ্রিয়তায়। কী এমন রহস্য লুকিয়ে এর পিছনে? এ ব্যাপারে এবার এই দুই তারকার বিষয়ে অজানা কথা ফাঁস করলেন জনপ্রিয় কৌতুক অভিনেতা সুনীল পাল।
এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে সুনীল বলেন, "এত বড় তারকা হয়েও মাটির মানুষ শাহরুখ। নেই এতটুকু দম্ভ। আর এর পাশাপাশি উনি ভীষণ দয়ালু। একটি উদাহরণ দিলে বুঝবেন। সুভাষ নামে শাহরুখের দলের একজন সদস্য মুম্বইয়ের এক বস্তিতে থাকতেন। আমিও তখন সেই বস্তিতে থাকতাম। নিজের চোখে দেখেছি সুভাষের ওই বস্তির ঘরের অনুষ্ঠানে একাধিকবার হাজির হতেন শাহরুখ! সে সুভাষের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা অন্য কিছু। গভীর রাতে চুপচাপ অনুষ্ঠানে চলে আসতেন। মিনিট পনেরো থাকতেন, কথাবার্তা বলতেন। আবার নিঃশব্দে চলে যেতেন। ভাবুন একবার! শুধু তাই নয়, কোনও অনুষ্ঠান না থাকলেও মাস ছয়েক অন্তর নিজে থেকে সুভাষের ওই বস্তির ঝুপড়িতে হাজির হতেন শাহরুখ। স্রেফ খোঁজ খবর নেওয়ার জন্য।"

সামান্য থেমে আমির খানেরও প্রসঙ্গ তোলেন সুনীল। পরিস্কার বলেন, "এতটুকুও অহং বোধ নেই আমিরের। মাটিতে বসেও দিব্যি গল্প জুড়ে দিতে পারেন। অন্যান্য শিল্পীদের যোগ্য সম্মান দিতে জানেন,‌শাহরুখের মতোই। একবার আমার পারফরম্যান্স মন দিয়ে দেখেছিলেন। এরপর নিজে থেকেই এসে নানা টিপস্ দিয়েছিলেন যাতে আমার পারফরম্যান্স আরও জমাট হয়। নিজের প্রতি আমার বিশ্বাস বাড়াতেও সাহায্য করেছিলেন তিনি। আর ঠিক এই কারণেই তাঁরা এত বড় তারকা। এতটাই উদার শাহরুখ-আমির।"