পণ্ডিত রবি শঙ্করের মেয়ে, সঙ্গীতশিল্পী ও সুরকার অনুষ্কা শঙ্কর সম্প্রতি তাঁর সঙ্গে ঘটে যাওয়া একটি অস্বস্তিকর ঘটনার কথা তুলে ধরেছেন। তিনি জানান, একটি শো-এর পর অনুরাগীদের সঙ্গে আলাপচারিতার সময় এক ব্যক্তি তাঁর সম্মতির তোয়াক্কা না করেই তাঁকে আচমকা কোলে তুলে নেন। প্রথমদিকে অনুষ্কা বিষয়টি হেসেই উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু পরে বুঝতে পারেন যে এই ঘটনাটি তাঁকে কতটা ভেতর থেকে ভেঙে দিয়েছে।

সেই অভিজ্ঞতার কথা মনে করে অনুষ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, "গত সপ্তাহে এক ভদ্রলোক আমাকে কোলে তুলে নিয়েছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন যে তিনি এমনটা করতে পারেন কি না, কিন্তু উত্তরের জন্য অপেক্ষা করেননি। আমি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে শূন্যে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করলাম। এক অপরিচিত ব্যক্তির আলিঙ্গনে আমার পা দুটো তখন নিচে ঝুলছে। একটি শো-এর পর আমি কয়েকজন অনুরাগীর সঙ্গে দেখা করছিলাম, আর সবকিছু এত দ্রুত ঘটে গেল যে আমি কেবল অস্বস্তির হাসি হাসলাম এবং আমাকে নিচে নামানোর অনুরোধ করলাম। এরপর আমি তাঁর পোস্টারে সই করলাম, হাসলাম এবং হাত নাড়লাম।"

অনুষ্কা আরও জানান, এই ঘটনার কথা অন্যদের বলার সময় তিনি বারবার এটাই বোঝাতে চেয়েছিলেন যে ওই ব্যক্তির কোনও খারাপ উদ্দেশ্য ছিল না; হয়তো অতিরিক্ত উৎসাহ ও অসচেতনতার কারণেই তিনি এমনটা করেছিলেন। তিনি এখনও বিশ্বাস করেন যে এটাই সত্যি। তবে তাঁর এই অভিজ্ঞতার কথা শুনে চারপাশের মানুষ যেভাবে তাঁর চেয়েও অনেক বেশি স্তম্ভিত এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন, তা অনুষ্কাকে অবাক করেছিল।

এরপর দিনকয়েক কেটে গেলেও ঘটনার আসল গভীরতা অনুষ্কা উপলব্ধি করতে পারেন। তিনি  লিখেছেন, 'কয়েক দিন পর বাস্তবটা আমার মাথায় ঢুকল। আবারও, আমার অতীতের নিগ্রহের ইতিহাস সামনে চলে এল, যার কারণে বাস্তব সময়ে কেউ আমার ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করলে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা আমি বুঝতে পারিনি। আমি আমার অস্বস্তির বাস্তব অভিজ্ঞতার চেয়ে ওই ব্যক্তির আবেগটাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছিলাম। যখন এমনটা ঘটে, তখন মনের মধ্যে লজ্জা, হতাশা আর ক্ষোভের জন্ম হয়। এত কিছুর পরেও এই অন্তহীন জটিলতার সঙ্গে আমাকে কেন লড়াই করতে হচ্ছে?"

অনুষ্কা অকপটে স্বীকার করেছেন যে, নিজের ট্রমা কাটিয়ে ওঠার পথে তিনি অনেকটা এগিয়ে গেলেও, এই একটিমাত্র মুহূর্ত তাঁর ভিতরের পুরনো ক্ষতগুলোকে আবার তাজা করে তুলেছে। এর ফলে শৈশবের আরও কিছু স্মৃতি তাঁর মনে ভেসে উঠেছে এবং তিনি সেগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।