মা হলেন অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপা। অভিনেত্রী সদ্যই সন্তানের জন্ম দিয়েছেন। ঋতাভরী চক্রবর্তী মাসি হলেন। কিন্তু ছেলে হল না মেয়ে? আগেই চিত্রাঙ্গদা-ঋতাভরীর মা শতরূপা সান্যাল সমাজমাধ্যমে আঁচ দিয়েছিলেন যে ঘরে নাতি এসেছে। এবার চিত্রাঙ্গদা নিজেই জানিয়ে দিলেন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। 

সোমবার সমাজমাধ্যমে নিজের হাতের পাতায় ছেলের হাত রেখে একটা মিষ্টি ছবি পোস্ট করেন অভিনেত্রী। সঙ্গে লেখেন, 'ছেলেই তার মায়ের শেষ সত্যিকারের ভালবাসা, আর বাবার শেষ প্রিয় বন্ধু। এই পৃথিবীতে তোমাকে স্বাগত ইনকা। অনহদ জাকির অনিন্দ্যে। আমাদের ছোট্ট সোনা পাখি।'

এই পোস্টের মাধ্যমে একরত্তির মুখ না দেখালেও তার নাম প্রকাশ্যে এনেছেন চিত্রাঙ্গদা। অভিনেত্রীর এই পোস্ট দেখে তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগী থেকে শুরু করে বিনোদন জগতের বহু তারকা।

ছেলের জন্মের আগে বাড়ির সবার কাছে সাধ খেয়েছিলেন চিত্রাঙ্গদা। সম্পূর্ণ বাঙালি খাবার ছিল এদিন চিত্রাঙ্গদার পাতে। ঋতাভরী দিদির সাধের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি ভাগ করে লিখেছিলেন, 'আমার বাচ্চা এবার মা হতে চলেছে। তিতিন সোনার সাধ। আমার দিদি আমাদের সেরা উপহার দিতে চলেছে। এবার অফিশিয়ালি মাসি হব।'

ঋতাভরীর ভাগ করে নেওয়া ছবিগুলোতে দেখা যাচ্ছে, দিদির স্ফীতোদর আগলে রয়েছেন অভিনেত্রী। অন্য ছবিগুলোতে মা শতরূপা সান্যালের সঙ্গে দুই মেয়েকে খোশমেজাজে দেখা যাচ্ছে। এদিন চিত্রাঙ্গদার পরনে ছিল গোলাপী রঙের শাড়ি অন্যদিকে ঋতাভরী পরেছিলেন হলুদ শিফন। 

প্রসঙ্গত, স্বামী সম্বিত চ্যাটার্জির সঙ্গে চিত্রাঙ্গদার বন্ধুত্বের ১৪ বছর পেরল। এই বিশেষ দিনেই সকলের সামনে সন্তান আসার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। চিত্রাঙ্গদা ও সম্বিতের সম্পর্ক বহু বছরের। বন্ধুত্ব থেকেই তাঁদের প্রেমের শুরু। পরে সেই সম্পর্ক বিয়েতে পরিণত হয়। এবার তাঁদের জীবনে এল নতুন সদস্য।