অভিনেত্রী সোনাক্ষী সিনহা তাঁর কেরিয়ারের শুরুর দিনগুলোর ব্যস্ততা নিয়ে এই সাক্ষাৎকারে কথা বলেছেন। তিনি জানিয়েছেন, কুড়ির কোঠায় একটানা কাজ করার ফলে তিনি প্রায় 'বার্নআউট' বা চরম মানসিক ও শারীরিক ক্লান্তির মুখোমুখি হয়েছিলেন। 'দাবাং' সিনেমার মাধ্যমে সিনে দুনিয়ায় পা দেওয়ার পর, তিনি খুব তাড়াতাড়িই বলিউডে নিজের জায়গা তৈরি করেছিলেন। 

সোনাক্ষী জানান সেই সময় তিনি নিজেকে একটুও সময় দেননি এবং এক সেট থেকে অন্য সেটে বিশ্রামের পরোয়া না করেই ছুটে বেরিয়েছেন। সোনাক্ষী সিনহা তাঁর কুড়ির কোঠার শুরুতেই কাজ শুরু করেছিলেন। এই সময়ে তিনি ২৩টি সিনেমায় অভিনয় করেন এবং এর পাশাপাশি আটটি সিনেমায় অতিথি শিল্পী বা বিশেষ নাচের দৃশ্যে হাজির হন। 

সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি খুব অল্প বয়সে কাজ শুরু করি। যখন শুরু করি তখন আমার বয়স ২২ আর যখন আমার প্রথম সিনেমা মুক্তি পায় তখন আমার বয়স ২৩। আমার পুরো কুড়ির কোঠাটাই কাজের মধ্যে দিয়ে কেটে গিয়েছে। আমার মনে হচ্ছিল আমি ক্লান্ত হয়ে পড়ছি, আমার যতটুকু করা উচিত তার চেয়ে বেশি করে ফেলছি। আমি সারাক্ষণ ব্যস্ত থাকতাম। নিজের জন্য কোনও সময় বের করতাম না বা দুটো সিনেমার মাঝে বিরতি নিতাম না। আমি এক সেট থেকে অন্য সেটে চলে যেতাম। একটা সময়ে আমি ডাবল শিফটেও কাজ করেছি।” 

তিনি আরও জানান যে, বিশ্রামের চেয়ে কাজকেই তিনি সবসময় বেশি প্রাধান্য দিতেন। ফলস্বরূপ, নিজের ব্যক্তিগত জীবন বা দুটো প্রজেক্টের মাঝে নিজেকে গুছিয়ে নেওয়ার মতো সময় তাঁর হাতে একদমই থাকত না। অভিনেত্রী জানান, এরপর তাঁর দৃষ্টিভঙ্গি বদলায় এবং তিনি এখন বেছে কাজ করেন।

এখষ অবশ্য তিনি কাজের সংখ্যা কমিয়ে বেশ বেছে বেছে ছবি, সিরিজে কাজ করছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “মানুষ অভিজ্ঞতা থেকেই শেখে। এটা এমনি এমনি আসে না। সেই সময়ে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল এটাই বোধহয় সঠিক পথ। তাছাড়া আমি খুব সুরক্ষিত এক পরিবেশে বড় হয়েছি। আমার কাছে সেটাই ছিল আমার কাজ দেখার মাধ্যম। যখন কাজগুলো করেছি, আমি উপভোগই করেছি। কিন্তু একটা সময়ে গিয়ে আপনি বুঝতে পারবেন যে জীবনের মানে শুধুই কাজ করা নয়, এর বাইরেও আরও অনেক কিছু আছে।”

প্রসঙ্গত, আগামীতে সোনাক্ষী সিনহাকে দেখা যাবে অশ্বিনী আইয়ার তিওয়ারি পরিচালিত 'সিস্টেম' সিনেমায়। এই কোর্টরুম ড্রামায় তিনি একজন তরুণ আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন। গল্পে তাঁর চরিত্রটি একটি হাই-প্রোফাইল খুনের মামলায় নিজের বাবার বিরুদ্ধেই লড়াইয়ে নামেন। ছবিটি আগামী ২২ মে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।