বলিউডে নতুন জল্পনা আর বাড়ে পুরনো স্মৃতির টানাপোড়েন। সম্প্রতি খবর ছড়ায়, ‘ভাগম ভাগ ২’-এ গোবিন্দার জায়গায় দেখা যাবে মনোজ বাজপেয়ীকে। সমাজমাধ্যমে সেই খবর ঘিরে ভক্তদের হতাশা স্পষ্ট ছিল। এবার সেই জল্পনায় সিলমোহর দিলেন পরেশ রাওয়াল নিজেই।
এক সাক্ষাৎকারে তিনি নিশ্চিত করেলেন, ‘ভাগম ভাগ ’-এ সিক্যুয়েলে মনোজ বাজপেয়ী অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন। ২০০৬ সালের ‘ভাগম ভাগ’-এ অক্ষয় কুমার ও গোবিন্দার কমিক রসায়ন দর্শকদের হাসিতে কাঁপিয়েছিল প্রেক্ষাগৃহ। সেই জুটির জায়গায় এবার অক্ষয়–মনোজ সমীকরণ। এই পরিবর্তন নিয়ে পরেশের সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ মন্তব্য, “এটা কিন্তু একেবারেই আলাদা আর ইউনিক কম্বিনেশন হবে।”
গোবিন্দার বাদ পড়া নিয়ে প্রশ্ন করা হলে পরেশ স্পষ্ট জানান, “সত্যি বলতে কারণটা আমার জানা নেই। তবে আমরা গোবিন্দাকে মিস করব।” একইসঙ্গে তিনি জানান, এই ছবিতে তিনি নিজেই ডাবল রোলে থাকছেন, যা নিয়ে তিনিও যথেষ্ট উচ্ছ্বসিত।
প্রিয়দর্শন পরিচালিত ‘ভাগম ভাগ’ মুক্তি পায় ২০০৬ সালে। স্ল্যাপস্টিক কমেডির জন্য পরিচিত এই পরিচালকের ছবিতে অক্ষয়, গোবিন্দা ও পরেশ রাওয়ালের ত্রয়ী তৈরি করেছিল বিশুদ্ধ বিনোদনের ঝড়। বিদেশ সফরে গিয়ে এক থিয়েটার দলের অজান্তেই অপরাধের জালে জড়িয়ে পড়ার গল্প, ভুল পরিচয় আর বুদ্ধিদীপ্ত সংলাপে ভর করে ছবিটি সময়ের সঙ্গে ‘কাল্ট ফেভারিট’ হয়ে ওঠে।
তবে সিক্যুয়েলে গোবিন্দার অনুপস্থিতি মেনে নিতে পারছেন না অনেক অনুরাগী। মন খারাপ হয়েছে অনেকের। সমাজমাধ্যমে একাধিক পোস্টে নির্মাতাদের উদ্দেশে অনুরোধ, গোবিন্দাকে ছাড়া যেন ছবিটি না এগোয়। নব্বইয়ের দশকের অন্যতম বড় তারকা গোবিন্দা, যাঁর কেরিয়ার ২০০০–এর দশকের শেষ দিকে ভাটা পড়ে। একাধিক প্রত্যাবর্তনের চেষ্টা করলেও নতুন প্রজন্মের ভিড়ে তাঁর জায়গা মজবুত হয়নি।
২০১৯ সালে ‘রঙ্গীলা রাজা’ ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ছবিটি বক্স অফিসে ব্যর্থ হয়। সম্প্রতি তাঁর স্ত্রী সুনীতা আহুজা প্রকাশ্যে বলেন, গোবিন্দার চারপাশে এখন এমন মানুষজন রয়েছেন, যারা প্রকৃত মতামত দেন না অভিনেতাকে। তিনি নাকি বারবার অভিনেতাকে ওজন কমানো ও ভিন্ন ধরনের চিত্রনাট্য বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন, একক নায়ক-ভিত্তিক ছবির বাইরে ভাবার অনুরোধও করেছেন। ব্যক্তিগত জীবন নিয়েও সাম্প্রতিক সময়ে নানা ইঙ্গিত সামনে এসেছে। এদিকে, গোবিন্দার পুত্রও শিগগিরই বলিউডে পা রাখতে চলেছেন।
&t=313s
‘ভাগম ভাগ ২’ তাই শুধু একটি সিক্যুয়েল নয়, এটি পুরনো জনপ্রিয়তার স্মৃতি আর নতুন সমীকরণের পরীক্ষাও। দর্শক শেষ পর্যন্ত কোন রসায়নকে গ্রহণ করবেন, সেটাই এখন বড় প্রশ্ন।
